মাত্র দুই মাসের অনুশীলন। তাতেই এশিয়ান যুব গেমসের ৫০ মিটার ফ্রি-স্টাইলে সেমিফাইনালে উঠে যান আসিফ রেজা। নানজিংয়ে সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে করেছেন নিজের ক্যারিয়ার-সেরা টাইমিং (২৪.৭৭ সেকেন্ড)। পরশু দেশে ফিরে বিকেএসপির তরুণ সাঁতারুর মুখে শোনা গেল চিরকালীন আক্ষেপ—অনুশীলনটা আরও বেশি হওয়া উচিত ছিল! যুব গেমসে নিজের সেরা টাইমিং করেও আপনি হতাশ?আসিফ রেজা: আমি হিটে করেছি ২৪.৮৬ সেকেন্ড। আমার ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স। পরদিন ওটা টপকে উঠি সেমিফাইনালে। কিন্তু আফসোস, ফাইনালে যেতে পারলাম না। দুঃখে কেঁদে ফেলেছিলাম। কিন্তু পানির মধ্যে বলে কেউ বুঝতে পারেনি। মাইক্রোসেকেন্ডের ব্যবধানে আমি ফাইনালে যেতে পারিনি। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা আসলে কেমন হলো?আসিফ: অভিজ্ঞতা ভালোই হলো। অনেক কিছু শিখলাম। ওখানকার গেমস ভিলেজ দেখে আমি মুগ্ধ। সবকিছু সাজানো-গোছানো। বাংলাদেশে এসব ভাবতেই পারি না। ওখানে গিয়ে প্রথম দুই দিন খুব নার্ভাস ছিলাম। ইনডোরে যেখানে অনুশীলন করি সেখানকার পানি ঢাকার চেয়ে অনেক ঠান্ডা। পানিও অনেক বেশি। প্রথমে সমস্যা হচ্ছিল। পরে অবশ্য অভ্যস্ত হয়ে যাই। এশিয়ার অন্য দেশের সাঁতারুদের চেয়ে আপনারা কোথায় পিছিয়ে?আসিফ: ওদের চলাফেরা, খাওয়া-দাওয়া, অনুশীলনের স্টাইল সব কিছুই আলাদা। আমি চেয়ে চেয়ে শুধু ওদের ওয়ার্মআপ দেখতাম। আমরা গেমের আগে যেমন ওয়ার্মআপ করি ওরা তা করে না। সম্পূর্ণ আলাদা। ওদের কোচও নিশ্চয়ই বিদেশি?আসিফ: এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। বেশির ভাগ সাঁতারুরই বিদেশি কোচ। থাইল্যান্ডের সাঁতারু, কিন্তু দেখা গেল তাঁর কোচ অস্ট্রেলিয়ান। পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে। অনেকে দেশের বাইরে গিয়ে অনুশীলন করে এসেছে। দেখি আর ভাবি, আমরা কবে এমন সুযোগ-সুবিধা পাব! বাংলাদেশ সম্পর্কে কেউ কিছু বলেনি?আসিফ: শুধু নেপালের এক কোচ আমাকে জিজ্ঞাসা করলেন তুমি বাংলাদেশ থেকে এসেছ। আমার সম্পর্কে খোঁজখবর নিলেন। কোনো বিদেশি কোচের সঙ্গে কথা হয়েছে? আসিফ: না। বিদেশি কয়েকজন কোচের সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল। ভেবেছিলাম আমার ইভেন্ট নিয়ে কিছু টিপস চাইব। কিন্তু ওঁরা এত ব্যস্ত ছিলেন নিজেদের সাঁতারুদের নিয়ে! দেশে ফেরার পর নতুন লক্ষ্য কী? আসিফ: ২৯ আগস্ট মুর্শিদাবাদের দূরপাল্লার সাঁতারে অংশ নেব। ফেডারেশনের কাছে একটাই চাওয়া, ক্যাম্প যেন নিয়মিত হয়। কারণ ক্যাম্পে ভালো ভালো সব সাঁতারু একসঙ্গে প্র্যাকটিস করে। আমরা তো জুনিয়র। সাগর ভাই, অনীক ভাই, রুবেল ভাই অনেক কিছু শেখান আমাদের। চীনে যাওয়ার আগে সাগর ভাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য প্র্যাকটিস করেছিলেন। ওনার সঙ্গে প্র্যাকটিস করে অনেক কিছু শিখছি। সাহায্য পেয়েছি। ওনার সঙ্গে প্র্যাকটিস করেছি বলেই টাইমিং ভালো হয়েছে। সাঁতারু হয়ে উঠলেন কীভাবে?আসিফ: আমার বাড়ি আমলা। মামা আমিরুল ইসলাম সাঁতার কোচ ও সংগঠক। ওনার হাত ধরেই সাঁতারে এসেছি। আর আমাকে সাঁতার শিখিয়েছেন বড় ভাই রনি। সাঁতার নিয়ে নিশ্চয়ই বড় স্বপ্ন দেখেন?আসিফ: আমার একটাই স্বপ্ন একদিন সাফে সোনা জিতব। ৫০ মিটার ফ্রি-স্টাইল আমার প্রিয় ইভেন্ট। এতেই সোনা জেতার স্বপ্ন দেখি।