'দুই উপদ্রব' মিলতে পারত মিলানে!
আড়াই বছর ম্যানচেস্টার সিটিতে একসঙ্গে খেলেছেন। মারিও বালোতেল্লি ও কার্লোস তেভেজের মধ্যে গড়ে উঠেছিল দারুণ দোস্তি। দুজনেই ছিলেন সিটির সাক্ষাৎ ‘উপদ্রব’। মাঠ, মাঠের বাইরে—দুজনে নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে গেছেন পাল্লা দিয়ে! শেষ পর্যন্ত দুজনকেই ছেড়ে দিয়েছে সিটি। গত জানুয়ারিতেই বালোতেল্লি যোগ দিয়েছেন এসি মিলানে। সিটির সঙ্গে চার বছরের সম্পর্ক চুকিয়ে তেভেজ গত সপ্তাহে নাম লিখিয়েছেন জুভেন্টাসে। কিন্তু তেভেজকে মিলানেই সতীর্থ হিসেবে পেতে চেয়েছিলেন বালোতেল্লি। দুই বন্ধু মিলে জুটি বাঁধতে চেয়েছিলেন নতুন করে।
তেভেজকে মিলানে আসতে উৎসাহও জুগিয়েছিলেন বালোতেল্লি। কিন্তু তেভেজ তাঁর কথা শোনেননি। স্পোর্টমিডিয়াসেটকে ইতালিয়ান স্ট্রাইকার নিজেই বলেছেন, ‘আমরা শক্তিশালী। কিন্তু ইউরোপিয়ান পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে দলের শক্তি বাড়াতে আরও জনবল দরকার। তেভেজ আমার বন্ধু—আমি তাকে মিলানে আসতে বলেছিলাম। সে তা শোনেনি। জুভেন্টাসে গেছে। আমি জুভেন্টাসকে ভয় পাই না। আমি সব ক্লাবকেই শ্রদ্ধা করি। কিন্তু কোনো ক্লাবকেই ভয় পাই না।’
বন্ধু হয়েও তেভেজ যখন কথা শোনেননি, বালোতেল্লি এর প্রতিশোধ নিতে চান অন্যভাবে, ‘যদি মাঠে কখনো তার মুখোমুখি হই, আমি তার পাশ থেকেই বল নিয়ে যাব!’ গত মৌসুমেই জ্লাতান ইব্রাহিমোভিচকে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) কাছে বিক্রি করে দিয়েছে মিলান। কিন্তু ফরাসি ক্লাবটি থেকে সুইডিশ স্ট্রাইকারকে মিলান আবার ফিরিয়ে আনছে বলেই গুঞ্জন। এই গুঞ্জন বাস্তব হয়ে ওঠে কি না, সেই নিশ্চয়তা নেই। কিন্তু বালোতেল্লি আগাম অভিনন্দনই জানিয়ে রাখলেন ফ্রেঞ্চ লিগের সর্বোচ্চ গোলদাতাকে, ‘ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি হলে আমার ভালোই লাগবে।’ ওয়েবসাইট।