'দুই কোটি রুপি' মানে চিনাবাদাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিআই তাহলে চিনাবাদাম তুলে দিল ক্রিকেটারদের হাতে। বাড়তি বেতনের নামে বিরাট কোহলিরা চিনাবাদাম চিবুবেন!
অন্তত রবি শাস্ত্রীর সেটাই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড গত মাসে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ সব খেলোয়াড়ের বেতন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণির খেলোয়াড়েরা এখন থেকে পাবেন যথাক্রমে ২ কোটি, ১ কোটি ও ৫০ লাখ রুপি। এ ছাড়া টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে ১৫ লাখ, ৬ লাখ ও ৩ লাখ রুপি। কোহলিরা অবশ্য এ নিয়ে খুশি নন।
এই যে বর্ধিত বেতন-ভাতা, ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীর কাছেও এটা ‘চিনাবাদাম তুল্য’। তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘এটা কিছুই না। ২ কোটি মানে তো চিনাবাদাম! একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার কত পাচ্ছে?’
শাস্ত্রীর মতে, চুক্তির টাকা বেড়ে এখন যা হয়েছে, তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত, ‘এ শ্রেণির চুক্তিটা হওয়া উচিত আরও বড়। আমি জানি, এটা বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে আরও বাড়ানোর সুযোগ ছিল।’ উদাহরণ হিসেবে সর্বশেষ ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করা চেতেশ্বর পূজারাকে সামনে এনেছেন তিনি, ‘শীর্ষ খেলোয়াড় হিসেবে পূজারার পারিশ্রমিক হওয়া উচিত সর্বোচ্চ। তার মতো “এ” শ্রেণির খেলোয়াড়ের চুক্তির টাকাটা হওয়া উচিত বিশাল অঙ্কের, যেন তাকে আইপিএলে খেলা নিয়ে ভাবতে না হয়। সে তখন তাতে খুশি থাকবে এবং বলতে পারবে, “আমি বরং ইংল্যান্ডে গিয়ে দুই মাস কাউন্টি ক্রিকেট খেলতে পারব।”’
আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি নেই বলে ভারতের অন্য শীর্ষ খেলোয়াড়দের চেয়ে চেতেশ্বর পূজারার আয় বেশ কম। বেতন বাড়ানোর পরও সেটা কমই থাকবে। অথচ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় খেলোয়াড়দের বার্ষিক বেতন অনেক বেশি। অঙ্কটা বছরে ৮ থেকে ১২ কোটি রুপি। ক্রিকইনফো।