‘দুটি টেস্টই জেতা উচিত ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্বস্তির জয়। প্রথম টেস্টে ৩৩৫ রানের হারের লজ্জা কিছুটা হলেও ঢেকে দেওয়া এই জয়ের সঙ্গে মিশে আছে আরও অনেক প্রাপ্তি। পেস বোলিং নিয়ে হাহাকার অনেকটাই কমেছে, চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও ঘোষণা করেছেন আগমনীবার্তা। মুশফিকুর রহিম কিছুটা হলেও ভারমুক্ত। কিন্তু টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপটা ঠিকই পুড়িয়ে মারছে তাঁকে। কাল দ্বিতীয় টেস্টের পর বাংলাদেশ অধিনায়কের সংবাদ সম্মেলনের নির্বাচিত অংশ বড় একটা হারের পর এভাবে ঘুরে দাঁড়ালেন। কেমন লাগছে?মুশফিকুর রহিম: অনেক ভালো লাগছে। আমাদের উচিত ছিল প্রথম টেস্টেও ভালো খেলা। আসলে দুটি টেস্টই আমাদের জেতা উচিত ছিল। আমি এবং দলের সবাই মনে করি, প্রথম টেস্টটা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। পারলে সিরিজটা ২-০-তে জেতা যেত। তবে দ্বিতীয় টেস্টটা ভালো খেলে জিততে পেরে ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ না খেলেই টেস্ট সিরিজ খেললেন। প্রথম টেস্টে হারের সেটাও কি একটা কারণ?মুশফিক: ওরা আমাদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেয়নি। অনুরোধ করেও পাইনি অনেক কিছু। নেটে পর্যাপ্ত পেস বোলার পাইনি। এ অবস্থায় আমাদের একটাই করণীয় ছিল এবং প্রথম টেস্টের পর সেটা বলেও ছিলাম। বলেছিলাম, দ্বিতীয় টেস্টে ওদের হারিয়ে জবাবটা দেব। এ নিয়ে এর বেশি বলার নেই। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট জিতলেন। এটা নিশ্চয়ই বিশেষ কিছু...মুশফিক: আমার জন্য অবশ্যই অনেক বড় অর্জন। সবারই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। সে ধাপ পেরিয়ে আমি এখন অধিনায়ক। নিজের নেতৃত্বে দলকে ম্যাচ বা সিরিজ জেতানোরও স্বপ্ন থাকে। সে রকম একটা স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। আসলে সততা ও পরিশ্রম সুফল আনবেই। আশা করি, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারব। দুই পেসার রবিউল ও জিয়ার বোলিং কেমন দেখলেন?মুশফিক: পেসাররা ভালো করায় আসলেই ভারমুক্ত মনে হচ্ছে। খেয়াল করলে দেখবেন, সাম্প্রতিক সময়ে আমাদের পেসাররা ভালো করেনি। তবে বিশ্বাস ছিল, কন্ডিশনের সাহায্য পেলে তারা ভালো করবেই। এখানে দুই টেস্টেই সেটা হয়েছে। দুটিতেই রবিউল অসাধারণ বোলিং করেছে। সিরিজে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের তিনটি সেঞ্চুরি। অন্যদিকে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশের পক্ষে একটাও সেঞ্চুরি নেই। এ নিয়ে আলোচনা হয় দলের মধ্যে?মুশফিক: অবশ্যই হয়। তবে যে সেঞ্চুরি মিস করে, কষ্টটা তারই সবচেয়ে বেশি। কখনো মনে হতে পারে, ব্যাটসম্যান বুঝি বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছে। সত্যি বলতে কি, কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির কাছে গিয়ে আউট হতে চায় না। আসলে সেঞ্চুরি করতে গেলে ভাগ্য লাগে। হয়তো ওই সময় ভাগ্য আমাদের সহায় থাকে না। সাকিব আল হাসানকে আজ (গতকাল) একটু কম বোলিং করালেন। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন?মুশফিক: পুরো টেস্টেই ব্যথা নিয়ে খেলেছে সাকিব। তবু দলের প্রয়োজনে বোলিং করতে হয়েছে। আজ ওকে দিয়ে বোলিং করানোরই ইচ্ছা ছিল না। কিন্তু উইকেট পড়ছিল না দেখে শেষ দিকে বোলিং করিয়েছি। এখন ওর যেটুকু সমস্যা আছে, আশা করি, ওয়ানডের আগে কাটিয়ে উঠবে। আম্পায়ারিং নিয়ে কিছু বলবেন? পুরো সিরিজেই তো বিতর্কিত সব সিদ্ধান্ত হয়েছে...মুশফিক: এখন আর মন্তব্য করে কী লাভ! যা হওয়ার হয়ে গেছে। আশা করি, ভবিষ্যতে এ রকম হবে না। অধিনায়কত্ব পেয়েছেন প্রায় দুই বছর হয়ে গেল। নিজেও নিয়মিত রান করছেন। শুরুর দিকের চেয়ে এখন কি অধিনায়কত্ব আরও বেশি উপভোগ করছেন?মুশফিক: একজন অধিনায়কের জন্য নিজে ভালো খেলাটা জরুরি। অধিনায়ক রান করছে, দলও জিতছে—এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব করাটা সহজ হয়ে যায়। অধিনায়ককে উদাহরণ সৃষ্টি করতে হয়। অধিনায়ক ভালো খেললে বাকিদের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়ে। এখন আমি ভালো খেলছি, সেটা দলের প্রত্যেককে কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করছে। নাসিরের মতো তরুণও এখন অনেক দায়িত্ব নিয়ে খেলছে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল?মুশফিক: এটা সম্ভবত আমার ক্যারিয়ারে নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত। অনেক কঠিন ছিল সিদ্ধান্তটা। তবে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অন্য রকম মানুষ। উনি নিজে থেকেই আমাকে বলেছেন, ‘দলের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটা নিবি।’ তিনি আমার কাজ সহজ করে দিয়েছেন। আমি নিশ্চিত, ওয়ানডে সিরিজে রিয়াদ ভাই কামব্যাক করবেন। ওয়ানডে সিরিজে এই জয়ের কেমন প্রভাব আশা করছেন?মুশফিক: টেস্ট সিরিজের শুরুটা আমাদের ভালো না হলেও দ্বিতীয় টেস্টে ভালো খেলেই জিতেছি। এ ধারা ওয়ানডেতে ধরে রাখার চেষ্টা করব। ওয়ানডে সিরিজ বুলাওয়েতে, ওখানে আমাদের ভালো স্মৃতি আছে। আশা করি, এবারও ভালো করব।