‘দুটি সেশন ভালো ব্যাটিং করতে হবে’
দুই ওপেনার আর অধিনায়কের উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসটাকে এলোমেলো করে দিয়েছেন। কিন্তু কাল সংবাদ সম্মেলনে মনে হলো জহির খান নিজেও একটু এলোমেলো হয়ে গেছেন। মাঝেমধ্যেই প্রশ্ন হচ্ছিল এক রকম, উত্তর আরেক রকম। নমুনা দেখুন— ৯৮ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের রানটা একটু বেশি হয়ে গেছে?জহির খান: আমার মনে হয়, আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। এটা সব বোলারের প্রচেষ্টার ফসল। বাংলাদেশের অনেক ব্যাটসম্যান একটু খাটো লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে আউট হয়েছে। তো আপনারা কি পরিকল্পনা করে এমন বোলিং করেছেন?জহির: আসলে ওদের ব্যাটসম্যানরা অনেক বেশি শট খেলছিল। আমরা শুধু ধৈর্য ধরে লাইন-লেন্থ অনুযায়ী বোলিং করে গিয়েছি। তার মানে এমন কোনো পরিকল্পনা আপনাদের ছিল না?জহির: আমরা ভালো জায়গায় বল করেছি। আমাদের স্ট্র্যাটেজি ছিল এটাই। উইকেট কি আস্তে আস্তে ভালো হয়েছে, বাংলাদেশের একটা জুটি কি এ জন্যই দাঁড়িয়ে গেছে?জহির: অবশ্যই, আজ অনেক রোদ ছিল, উইকেটও তাই আস্তে আস্তে অনেক সহজ হয়েছে। এখন দলের সঙ্গে একজন বোলিং কোচ (চট্টগ্রাম টেস্টের প্রথম দিন যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এরিক সিমন্স) আছে। এতে আপনিসহ অন্য বোলাররা কি একটু ভালো বোধ করবেন?জহির: সবকিছু এখন যেভাবে আছে, তাতে আমরা খুশি। সামনে আমাদের টানা চারটা টেস্ট আছে, একটু উপকার তো হবেই। সিমন্সকে মাত্র দুই সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় না সময়টা একটু কম হয়ে গেছে?জহির: মাত্র দু দিনই তো হলো উনি এসেছেন। আশা করি যত দিন কাজ করবেন, ভালো করবেন। ম্যাচের এখন যে অবস্থা, ভারতের পরিকল্পনা কী হবে?জহির: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আগামী দুটো সেশন আমাদের ভালো ব্যাটিং করতে হবে। তারপর কৌশল ঠিক হবে। খেলার এখনো অনেক বাকি। আশা করি, আগামী দু দিন আবহাওয়া ভালো থাকবে এবং পুরো খেলা হবে। এখনো আমাদের সম্ভাবনা আছে এই ম্যাচ থেকে কিছু একটা ফলাফল বের করার। দু দলের ব্যাটসম্যানরাই তো খারাপ করল। তার মানে কি উইকেটটাই এমন? মানে ২৪০/২৫০ রানের উইকেট?জহির: আমার মনে হয়, শুরুতে এটা ছিল বোলারদেরই উইকেট। তবে খেলা যতই এগিয়েছে, উইকেট ভালো হয়েছে। আমি তো আগেই বলেছি, ওদের ২৪২ রানে আটকে রাখাটা বোলারদের দারুণ একটা সাফল্য। ইশান্ত শর্মা দলে ফিরে তো ভালোই করল। ওর সম্পর্কে কী বলবেন?জহির: ও ভালো বোলিং করেছে। অনেক এনার্জি নিয়ে বল করেছে, লুকিং গুড। আর শ্রীশান্ত?জহির: শ্রীশান্তও ভালো করেছে। শুরুতে ও ছন্দ খুঁজে পাচ্ছিল না, ছন্দ পাওয়ার পর অবশ্য ও অন্য বোলার হয়ে গেল।