'দুরন্ত মেসি আমাদের ম্যারাডোনাই'

ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা হচ্ছে অনেক আগে থেকেই। বিনয়ের অবতার মেসি অবশ্য কখনো এ তুলনায় একমত হননি। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রতি ম্যাচেই জাদুকরি গোল করা মেসিকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করলেন স্বয়ং আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলাই।
করিন্থিয়ানস অ্যারেনায় সাংবাদিকদের সাবেলা বললেন, ‘বিশ্বকাপে দুর্দান্ত খেলছে মেসি। এটিই সবাই প্রত্যাশা করে। আমার প্রত্যাশা করেছি, ওর সতীর্থরা করেছে, সব আর্জেন্টাইন করেছে। অবশ্যই আমরা খুশি।’ ম্যারাডোনার সঙ্গে মেসির তুলনা প্রসঙ্গে বললেন, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওই সময় (ছিয়াশি) ম্যারাডোনা ছিল খুবই গুরুত্বপূর্ণ, এখন মেসির ভূমিকাটা ঠিক তেমনই।’
সাবেলার কাছে মেসি-নেইমারের মধ্যে তুলনা করতেও বলা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল এই দুই তারকার মধ্যে সেরা কে। আর্জেন্টাইন কোচ অবশ্য এই দুই তারকার মধ্যে কোনো তুলনায় যেতে চাননি। তাঁর মতে, দুজনই দুর্দান্ত। মেসি বিশ্বসেরা। নেইমার অসাধারণ। দলও তাই তাদের ওপর পুরোমাত্রায় নির্ভরশীল। এবং এটাই স্বাভাবিক। এএফপি।