‘দুর্ঘটনায়’ প্রথম বিভাগে সূর্যতরুণ
আট ম্যাচেই হেরে প্রথম বিভাগে নেমে যাওয়ার শঙ্কায় ছিল দলটা। তবে লিগের মাঝখানেই দুর্ভাগ্যজনক এক কারণে প্রিমিয়ার ক্রিকেট লিগের দল সূর্যতরুণ নেমে গেল প্রথম বিভাগে!বিকেএসপিতে কাল কলাবাগানের বিপক্ষে নবম রাউন্ডের খেলা ছিল সূর্যতরুণের। কিন্তু সকালে সাভার ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র যানজট লেগে যায় বিকেএসপি যাওয়ার পথে। কলাবাগান দল এ ঘটনার আগেই বিকেএসপিতে পৌঁছে গেলেও যানজটে আটকে যায় সূর্যতরুণের খেলোয়াড়-কর্মকর্তাদের বহনকারী বাস।সকাল নয়টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সূর্যতরুণ মাঠে পৌঁছায় ৯টা ৫৫ মিনিটে। ম্যাচ রেফারি সামিউর রহমান তখন কর্তিত ওভারের খেলার প্রস্তাব দেন। কিন্তু রাজি হয়নি কলাবাগান। দুই দলই বিষয়টি সিসিডিএমের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে বলে। দুই দল এবং ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে প্রায় চার ঘণ্টার সভা শেষে সিসিডিএম সেই সিদ্ধান্ত দিল কাল রাত নয়টার পর। সময়মতো মাঠে উপস্থিত হতে না পারায় প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে সূর্যতরুণকে।সিদ্ধান্ত হয়েছে, সূর্যতরুণের বিপক্ষে পাওয়া কোনো পয়েন্টই যোগ হবে না পয়েন্ট তালিকায়। সূর্যতরুণের কর্মকর্তা তানজীব আহসান যারপরনাই হতাশ সিসিডিএমের এমন সিদ্ধান্তে, ‘বাইলজের ১২-এর ২ ধারায় বলা আছে, অপ্রত্যাশিত কারণে কোনো দল মাঠে সময়মতো হাজির না হলে সিসিডিএমের এখতিয়ার আছে সেটি বিবেচনা করার। আমাদের অনুরোধের পরও তারা সেটা করেনি। আমাদের সঙ্গে বসার পর দরজা বন্ধ করে তিন ঘণ্টা নিজেরা সভা করল, সেখানে অনেক বড় বড় বোর্ড পরিচালকও গেল।’ তাঁর দাবি, দুর্ঘটনায় আটকে যাওয়ার কথা ম্যাচ রেফারিকে টেলিফোনে জানানো হলে তিনি বলেছিলেন, ১০টার মধ্যে মাঠে পৌঁছালেও কর্তিত ওভার খেলানো হবে।এ ব্যাপারে ম্যাচ রেফারি সামিউর রহমান বলেছেন, ‘তাদের ১৫ মিনিট করে দুই দফা সময় দেওয়া হয়েছে। পরে বলেছি, অন্তত ১০টার মধ্যে খেলা শুরু করতে পারলেও হবে। কিন্তু ওরা এসেছে ৯টা ৫৮ মিনিটে। এখন আমি তো সাড়ে ১০টায় খেলা শুরু করতে পারি না।’১২-এর ২ ধারা না মানার অভিযোগের জবাবে সিসিডিএমের চেয়ারম্যান জি এস হাসান তামিম বলেছেন, ‘যদি খেলোয়াড়দের বহনকারী যানবাহন দুর্ঘটনায় পড়ে, তাহলে সেটি সিসিডিএম বিবেচনা করতে পারে। এ ক্ষেত্রে তা হয়নি। একই রাস্তা দিয়ে কলাবাগান সময়মতো মাঠে পৌঁছাতে পারলে সূর্যতরুণ পারবে না কেন? তারা নিশ্চয়ই দেরি করে রওনা হয়েছিল।’ তার পরও সিসিডিএম প্রধান চেয়েছিলেন, সূর্যতরুণকে একটা সুযোগ দিয়ে আজ অন্তত খেলাটি হোক। কলাবাগান তাতে রাজি হয়নি। অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হওয়ায় সভা শেষে সিসিডিএম প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও নাকি দিয়েছেন তামিম।