‘দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফেডারেশনস কাপ জয়ের উচ্ছ্বাসে ভেসে যেতে যেতে ফিফা ডট কমকে সাক্ষাৎকার দিলেন নেইমার  নেইমার, নিজের দেশের মাটিতে এমন একটা টুর্নামেন্টে এ রকম খেলাটা আপনার ক্যারিয়ারে কতটুকু প্রভাব ফেলবে? নেইমার: সত্যি বলতে কি আমার কোনো ধারণাই নেই। আমি বলতে পারছি না এটা কেমন প্রভাব ফেলবে। এটা বলতে পারি এই শিরোপা জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য সামনের দিকে বিশাল একটা পদক্ষেপ। এটা অর্জন করতে পেরে আমরা সবাই আনন্দিত। ব্রাজিল-স্পেন খেলাটা দারুণ ছিল। পুরো বিশ্ব খেলাটা দেখার জন্য থমকে গিয়েছিল। আমরা জানি, দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি আমরা।  দুই সপ্তাহ আগেও কি আপনি ভেবেছিলেন দল চ্যাম্পিয়ন হবে, সবকিছু এমন দুর্দান্ত হবে? নেইমার: আমি আসলেই ভাবিনি (হাসি)। আমি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে এটা নিয়েই কথা বলছিলাম। সবকিছু কীভাবে কীভাবে হয়ে গেল এবং ভালোমতোই হলো। আমি আসলেই খুশি সবকিছু এত সুন্দরভাবে হয়েছে, আমরা নিজেদের সেরাটা দিতে পেরেছি। জাপানের সঙ্গে শুরুতেই গোল করাটা আসলে আপনার ও ব্রাজিলের ওপর চাপ কতটুকু কমাতে পেরেছিল? নেইমার: (হাসি) মানুষজন তো কত নেতিবাচক কথাই বলে। আমি আসলে এটা নিয়ে খুব একটা ভাবিনি। একদমই না। আমি সতীর্থদের আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। সেটা ফাউল করে হতে পারে, পাস দিয়ে হতে পারে, গোল করে বা যেকোনো ভাবেই হতে পারে। সেদিন আমি তিন মিনিট পরই গোল করে সাহায্য করেছিলাম। দলের জন্যও সেটা গুরুত্বপূর্ণ ছিল। দিন শেষে এটাই আসল—দলকে জেতাতে সাহায্য করা।  ফাইনালে তো অনেকভাবেই অবদান রেখেছিলেন। গোলটাই বুঝিয়ে দিয়েছে আপনি কতটা আত্মবিশ্বাসী। সবকিছু বুঝেশুনে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে বাঁ পা দিয়ে গোল করা...নেইমার: আমি সব সময়ই অনুশীলন করে যাচ্ছি। সেটা ডান পায়ে যেমন, তেমনি বাঁ পায়েও। ছোটবেলা থেকেই আমার বাবা সব সময় বলতেন, ‘কোন পা দিয়ে শট করতে হবে, সেটা তুমি ঠিক করবে না। যদি বল তোমার বাঁ পায়ে পড়ে, তাহলে বাঁ পা দিয়ে মারবে। আর ডান পায়ে পড়লে ডান পা দিয়ে।’ আমার মনে হয়, আমি বার্তাটা পেয়েছিলাম (হাসি)। বলটা আমার বাঁ পায়ে এসেছিল এবং সৌভাগ্যবশত আমি ভালো একটা শট নিতে পেরেছি। স্পেন দলে বার্সেলোনার খেলোয়াড়েরা কি আপনাকে অভিনন্দন জানিয়েছে? নেইমার: হ্যাঁ, ওরা তা জানিয়েছে। এতে আমি আসলেই খুশি হয়েছি। কারণ তাঁদের আমি শ্রদ্ধা করি। ওদের সঙ্গে খেলতে পারার সম্মান ও আনন্দটা আমি পেতে যাচ্ছি। আপনি কি মনে করেন ওরা এখন থেকে আপনাকে আরও বেশি সম্মান করবে? নেইমার: (হাসি) আরে না...আমি মনে করি, এমন বড় একটা ক্লাবে সবাইকে যেমন সম্মান করা হয়, আমাকেও তেমনই করা হবে।