‘দুর্ধর্ষ’ মানসিকতার খোঁজে মানচিনি
শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই নয়, গোটা ইউরোপিয়ান ফুটবলেই একটা শক্ত অবস্থান তৈরি করতে চায় ম্যানচেস্টার সিটি। আর সে জন্য শিষ্যদের দুর্ধর্ষ, লড়াকু মানসিকতা তৈরির দিকেই এখন বেশি জোর দিচ্ছেন কোচ রবার্তো মানচিনি। নেপোলির সঙ্গে ড্র করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যান সিটি। ইউরোপ সেরার লড়াইয়ের শুরুটা জয় দিয়ে করতে না পারলেও ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা দুর্দান্তভাবেই করেছে তারা। চার ম্যাচের চারটিতেই জয় দিয়ে এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথম স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শুধু এ টুকুতেই সন্তুষ্ট হতে পারছেন না মানচিনি। ম্যান সিটিকে তিনি বসাতে চান ইউরোপের অন্যতম সেরা ক্লাবের আসনে। তিনি বলেছেন, ‘আমি ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড বা বার্সেলোনার মতো শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাই। এসব ক্লাবেরই চ্যাম্পিয়নস লিগ বা ঘরোয়া লিগ জেতার সক্ষমতা আছে। আমার মনে হয়, আমাদেরকেও তাদের মতো লড়াকু মানসিকতা তৈরি করতে হবে।’ম্যান সিটির সমর্থকেরা নিশ্চিতভাবেই প্রিমিয়ার লিগের এই ভালো পারফরমেন্সের প্রতিফলন দেখতে চাইবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে। সমর্থকদের এই প্রত্যাশা পূরণের জন্য দরকার হলে খেলার ধরন পরিবর্তন করতেও রাজি মানচিনি। চ্যাম্পিয়নস লিগের আসরে জয়টাকেই মুখ্য করে দেখছেন সিটি কোচ। তিনি বলেছেন, ‘আমরা যদি খুবই ভালো ফুটবল খেলি, কিন্তু গোল করতে না পারি, তাহলে কোনো লাভ নেই। চ্যাম্পিয়নস লিগে এটা আরও অনেক কঠিন। কারণ, প্রতিবারই আমাদের ইউরোপের সেরা সব ক্লাবের মুখোমুখি হতে হয়। কাজেই আমার কাছে ভালো খেলার থেকেও গোল করা ও ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা বেশি জরুরি।’ ওয়েবসাইট।