‘দুসরাটা যোগ করার চেষ্টা করছি’
সিরিজের শুরুতেই সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারটা চূড়ান্ত। কিন্তু ব্যাটে-বলে আর হয় না। ঠাসা সূচির এই সিরিজ, খেলেই দৌড়াও অন্য শহরে। শেষ পর্যন্ত সিরিজের শেষ দিন মাঠে যাওয়ার আগে হোটেল লবিতে ড্যানিয়েল ভেট্টোরি সাক্ষাত্কার দিলেন উৎপল শুভ্রকে প্রথম প্রশ্নটা ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে এই সময়ের সবচেয়ে বড় আলোচনা নিয়েই করি। অধিনায়ক, নির্বাচক, কখনো বা কোচ—আপনিই নাকি এই সময়ের সবচেয়ে ক্ষমতাবান ক্রিকেটার। আপনি নিজে নিউজিল্যান্ডের ক্রিকেটে আপনার ভূমিকাকে কীভাবে দেখেন?ড্যানিয়েল ভেট্টোরি: বিশ্ব ক্রিকেটে অন্য সব ক্যাপ্টেনের চেয়ে আলাদা কিছু নয়। এই আলোচনাটা বেশি হয়েছে কঠিন এক পরিস্থিতিতে আমাকে কোচের দায়িত্ব পালন করতে হয়েছিল বলে। নইলে রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথরা যা করে, আমি তার চেয়ে ভিন্ন কিছু করি না। আমার মনে হয়, এ নিয়ে এত কথা হওয়ার আরেকটা কারণ আমি একেবারে কাগজে-কলমে নির্বাচক। আপনি যে ক্ষমতা ভোগ করছেন ক্রিকেটে তো এমনই হওয়া উচিত। ক্রিকেট তো সব সময়ই ‘ক্যাপ্টেনস গেম’। আপনিও নিশ্চয়ই এই মতে বিশ্বাসী?ভেট্টোরি: এটা নির্ভর করে দল কেমন তার ওপর। অধিনায়কের ওপরও। কোনো অধিনায়ক সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। কেউ মনে করে শুধু মাঠে কর্তৃত্ব থাকলেই ঠিক আছে। দলে তরুণ খেলোয়াড় বেশি না অভিজ্ঞ খেলোয়াড়—এটাও একটা বিবেচনা। ইয়ান চ্যাপেল বা শেন ওয়ার্নের মতো অনেকে যে মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট দলে কোচ একটা অকারণ বিলাসিতা, আপনি কি এর সঙ্গে একমত?ভেট্টোরি: এটা পরিস্থিতির ওপর নির্ভর করে। বিশ্ব ক্রিকেটে অনেক ভালো কোচও কিন্তু আছে, যারা কোনো দলকে আরও ভালো হতে সাহায্য করে। শেন-ইয়ানের যে মতামত, সেটি হয়তো এ রকম যে আন্তর্জাতিক ক্রিকেটাররা নিজেরাই নিজের কোচ। সবাই জানে কী করতে হবে। তবে সবার জন্য তো আর এক নিয়ম নয়। কারও কারও সাহায্যও লাগে। অধিনায়ক নির্বাচক হলে তো একটা সমস্যাও আছে। ড্রেসিংরুমে-মাঠে সতীর্থরা সব সময় ভয়ে ভয়ে থাকবে—এই রে, একটু উল্টোপাল্টা কিছু করলে বা বললেই ড্যান আমাকে বাদ দিয়ে দেবে!ভেট্টোরি: আশা করি, আমাদের খেলোয়াড়েরা আমার ব্যাপারে এমন কিছু ভাববে না। আমারও দায়িত্ব, আমি যে নিরপেক্ষ সেটা প্রমাণ করা। ওরা জানে, বিশ্ব ক্রিকেটে সব অধিনায়কেরই দল নির্বাচনে ভূমিকা থাকে। আমারটা অফিসিয়াল, এই যা! সবচেয়ে ক্ষমতাবান, এটা না হয় না মানলেন। কিন্তু আপনিই তো নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ। কোনদিকে যাচ্ছে আপনার দল?ভেট্টোরি: আশা তো করি, জয়ের পথেই যাচ্ছি। আমাদের বড় সমস্যা হলো, ইনজুরি আর অসময়ে অবসরে অনেক খেলোয়াড়কে হারাতে হয়েছে। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে আমরা ভালো দল। কিন্তু টেস্ট দলে অভিজ্ঞতার অভাব আছে। তরুণ খেলোয়াড়েরা ভালো, ওরা যদি ঠিকমতো এগিয়ে যেতে পারে, টেস্টেও আমরা ভালো দল হয়ে উঠতে পারব। অকালে অবসরের কথা বললেই তো শেন বন্ডের কথা মনে পড়ে। ওর মতো বোলারকে হারানো তো যেকোনো অধিনায়কেরই বুকে গিয়ে ধাক্কা দেবে।ভেট্টোরি: তা তো অবশ্যই। যখন মাঠে থাকে, ও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। যত টেস্ট ম্যাচে খেলেছে, সব কটিতেই ও আমাদের জয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমাদের প্রায় সব জয়েও অবদান ছিল ওর। ওকে হারানোটা আসলেই খুব বড় ক্ষতি। কিন্তু কিছু তো করার নেই, ওর শরীরে আর কুলোচ্ছে না। এই সিরিজে বাংলাদেশের ব্যাটসম্যানরা আপনার ফ্লাইটের বৈচিত্র্যে মুগ্ধ। এর পেছনে নিশ্চয়ই অনেক পরিশ্রম আছে?ভেট্টোরি: অনেক দিন ধরে খেলছি। নিজের খেলাটা তো এখন মোটামুটি বুঝি, কী করতে হবে জানি। আমার কাজটা কী বলুন, ব্যাটসম্যানকে আউট করার জন্য নানা পথ খুঁজে বেড়ানো। ব্যাটসম্যান যেন পরের বলটা কী হবে, সেটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে। ফিঙ্গার স্পিনারদের এমন না করে উপায়ও নেই। আমাদের তো আর লেগ স্পিনারের মতো হাতে এত বৈচিত্র্য নেই। স্পিনারদের কি পেসারদের চেয়ে একটু বেশি চিন্তাশীল হতে হয়? ভেট্টোরি: না, না, দু ধরনের বোলারের মধ্যেই এ রকম আছে। আপনি যদি অতীতের দিকে তাকান, অনেক বুদ্ধিমান ফাস্ট বোলারের দেখা পাবেন। যেমন রিচার্ড হ্যাডলি—অনেক মাথা খাটিয়ে বল করত। খুব তাড়াতাড়িই ব্যাটসম্যানের দুর্বলতা খুঁজে বের করে ফেলত। স্পিনারদের মধ্যে শেন ওয়ার্ন যেমন খুব তাড়াতাড়িই ব্যাটসম্যানকে পড়ে নিত। এই ক্ষমতার সঙ্গে খুব উঁচু মানের দক্ষতা যোগ হলে সেটি খুব বিপজ্জনক এক প্যাকেজ হয়ে দাঁড়ায়। রিচার্ড হ্যাডলি তো সন্দেহাতীতভাবে নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার। আপনার মতো উত্তর প্রজন্মে তাঁর কতটা প্রভাব?ভেট্টোরি: আমরা তো ছোটবেলায় তাঁকে দেখে দেখেই বেড়ে উঠেছি। হ্যাডলির দারুণ সব সাফল্যে আনন্দিত হয়েছি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি, তাঁর রেকর্ড পরের সব প্রজন্মকে অনুপ্রাণিত করেছে, এখনো করে চলেছে। আমাদের মতো ছোট দেশ থেকে কাউকে বিশ্বসেরা হতে দেখার চেয়ে বড় প্রেরণা আর কী হয়? স্পিনার হিসেবে এমন কিছু কি আছে, যা যোগ করতে চান নিজের বোলিংয়ে?ভেট্টোরি: দুসরা যোগ করতে চাই। নেটে অনেক চেষ্টা করে যাচ্ছি। এখনো পারছি না। পারলে দারুণ ব্যাপার হবে। দুসরা তো ডানহাতি ফিঙ্গার স্পিনারের অস্ত্র বলেই বিবেচিত। বাঁহাতি স্পিনারের মুখে দুসরার কথা তো এই প্রথম শুনলাম! ভেট্টোরি: বাঁহাতি স্পিনার কেন দুসরা করতে পারবে না? আমার তো মনে হয় এটা শুধুই সময়ের ব্যাপার। কেউ না কেউ এটা ঠিকই করবে। আপনাদের পরের সিরিজই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই যে এত বছর অস্ট্রেলিয়া রাজত্ব করল, কোন জিনিসটা বাকি দলগুলোর চেয়ে আলাদা করে দেয় ওদের?ভেট্টোরি: আত্মবিশ্বাস। এই দলটার নিজেদের ওপর অসম্ভব বিশ্বাস। এর কারণ হলো, অসম্ভব শক্তিশালী ফার্স্ট ক্লাস ক্রিকেট। ওদের দলে নতুন যে আসে, সে-ও তাই আত্মবিশ্বাস নিয়েই আসে। এত পালাবদলের পরও ওদের খারাপ সময় তাই খুব ক্ষণস্থায়ী হয়। দেখুন না, কী আশ্চর্য ধারাবাহিকতায় ওরা একই রকম দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে! বেশির ভাগ দলই অস্ট্রেলিয়াকে অনুসরণ করতে চায়। কারণ সেটিই সাফল্যের রেসিপি। টেস্ট র্যাঙ্কিংয়ে তো ভারত এখন এক নম্বরে। র্যাঙ্কিংকে গুরুত্ব দেন?ভেট্টোরি: র্যাঙ্কিং হলো র্যাঙ্কিং। আমি মনে করি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত বাকি দলগুলো থেকে এগিয়ে এখন অনেকটা একই কাতারে। টি-টোয়েন্টি আর আইপিএল নিয়ে আপনার মতো যাঁর সঙ্গে কথা বলি, সবাই দেখি প্রশংসায় পঞ্চমুখ। আসল কারণটা কি টাকা?ভেট্টোরি: ক্রিকেটারদের আইপিএল এত পছন্দ করার পেছনে আমি বলব দুটি কারণ আছে। প্রথম হলো, এটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি দিয়ে অন্য রকম একটা পরিবেশে খেলার সুযোগ করে দিয়েছে। দ্বিতীয় কারণ, শুধু প্রতিপক্ষ হিসেবেই পরিচয় হয়েছে এমন অনেকের সঙ্গে খেলার সুযোগ। এই যেমন দিল্লির শেবাগের বিপক্ষে বোলিং করাটা কেউই হয়তো পছন্দ করে না। কিন্তু ওর সঙ্গে এক দলে খেলার ইচ্ছা তো অনেকেরই আছে। ও কীভাবে কী করে, খেলাটা নিয়ে কী ভাবে—এসব জানার সুযোগ পাওয়াটা দারুণ এক অভিজ্ঞতা। আমি কখনো ভাবিনি, আমার ক্রিকেট ক্যারিয়ারে এই অভিজ্ঞতা হবে। এটাই আইপিএলের মূল আকর্ষণ। হ্যাঁ, প্যাকেজে টাকাটাও আছে। তবে খেলাটাও কম আনন্দের নয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হয় ওখানে। কিন্তু টি-টোয়েন্টির এই আগ্রাসনে ক্রিকেটের ভবিষ্যত্ কী? এই যে অনেক খেলোয়াড় আইপিএল আছে বলে টেস্ট ক্রিকেট ছেড়ে দিচ্ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে ব্যাপারটা?ভেট্টোরি: আমি ঠিক জানি না। ক্রিকেটের তিনটা ধরনের মধ্যে ভারসাম্য রাখার দায়িত্বটা প্রশাসকদের। আমি তো মনে করি, ক্রিকেটের জন্য এটা দারুণ এক সুযোগ। তিন ধরনের খেলা থাকবে, যার যেটা ইচ্ছা দেখবে। যার যেটা ইচ্ছা খেলবে।