'দূষিত হচ্ছে ফুটবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপের সঙ্গে মেসি-বুফন।
পোপের সঙ্গে মেসি-বুফন।

ফুটবলের প্রতি পোপ ফ্রান্সিসের অনুরাগ বহু পুরোনো। ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সান লরেঞ্জোর ভক্ত। পোপ হওয়ার পর লিওনেল মেসি, বুফনরা দেখা করায় বোঝা যায়, কতটা ফুটবল অন্তঃপ্রাণ তিনি। পোপের শঙ্কা, ফুটবলকে ‘দূষিত’ করছে টাকা। অর্থাত্ অর্থই  ডেকে আনছে ফুটবলের অনর্থ।

সম্প্রতি ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট ফিওরেন্তিনা ও নাপোলির খেলোয়াড়েরা দেখা করতে গিয়েছিলেন পোপের সঙ্গে। পোপ খেলোয়াড়দের বলেন, ‘ফুটবল এখন বিজ্ঞাপন, টেলিভিশনের কারণে বিরাট ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু অর্থনৈতিক বিষয়াদি খেলাধুলার চেয়ে বড় হতে পারে না। কেননা, এতে সবকিছুই দূষিত হওয়ার ঝুঁকি থাকে।’

খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সময় কিছুটা নস্টালজিকও হয়ে গেলেন পোপ। বললেন, ‘ছেলেবেলায় প্রায় স্টেডিয়ামে যেতাম। অনেক মধুর স্মৃতি রয়েছে। বিশেষ করে রোববারে পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটত। আশা করি,  ফুটবল ও খেলাধুলা হবে আনন্দ বা উদযাপনের অর্থেই।’ 

খেলোয়াড়দের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিলেন পোপ। বললেন, ‘আপনাদের আচরণ সব সময়ই মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করে। সেটি হোক ভালো কিংবা খারাপ।’ ফলে খেলোয়াড়দের নিজেদের আচরণ-ব্যবহার নিয়ে সব সময়ই সতর্ক থাকা উচিত। এএফপি।