'দেখবে, ওকে কেউ ধরতেই পারবে না'

‘একদিক বিবেচনায় আমার ছেলেবেলাটা ছিল অনেক সুখের; অন্যদিকে সেটা ছিল অস্বাভাবিক। কারণ মাত্র ১২ বছর বয়সেই আমি পরিবার-পরিজন ছেড়ে লিসবনে চলে গিয়েছিলাম’—নিজের শৈশবকে এভাবেই বর্ণনা করেন ক্রিস্টিয়ানো রোনালদো৷
পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জের রাজধানী ফুশাও-সংলগ্ন সান্তো আন্তোনিও এলাকার ২৭/এ কিনা দো ফালকাও সড়কের যে বাড়িটিতে রোনালদো বেড়ে উঠেছিলেন, সেটি এখন আর নেই৷ আভেইরো পরিবারের আবাস এখন ফুশাওয়ের অন্য প্রান্তে৷ আটলান্টিকের পাড়ে মাকে একটি বিশাল সাদা বাড়ি কিনে দিয়েছেন রোনালদো। তাঁর ভাই হুগো এবং বোন কাতিয়াও কাছাকাছি দুটি বাড়িতে থাকেন। তবে সেই কিনা দো ফালকাও এলাকাটি এখন আর দারিদ্র্যপীড়িত নয়, সেটি আমূল বদলে গেছে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগের বদৌলতে। এলাকাটির সঙ্গে জড়িয়ে আছে রোনালদোর শৈশব, দুরন্তপনা, বিদ্যালয়ের পড়াশোনা...আর ফুটবলে হাতেখড়ি।
মা মারিয়া দোলোরেস ও বাবা জোসে দিনিস আভেইরোর ঘরে রোনালদোর আগমনটা ছিল অপরিকল্পিত৷ কারণ আভেইরো দম্পতির মেয়ে কাতিয়ার সঙ্গে রোনালদোর বয়সের ব্যবধান মাত্র ১৮ মাস৷ দোলোরেস আরও পরে সন্তান নিতে চেয়েছিলেন৷ অবশ্য আজ সেই ‘অনাকাঙ্ক্ষিত’ সন্তানকে নিয়েই তাঁর গর্বের শেষ নেই৷ ক্রুজ দো কারভালো হাসপাতালে ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে রোনালদোর জন্ম। দোলোরেসের বোন সেই নবজাতকের নাম রাখেন ক্রিস্টিয়ানো, পছন্দ হয়ে যায় আভেইরো দম্পতির। আর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের নামের প্রথম অংশের সঙ্গে মিল রেখে শিশুটির নাম রাখা হলো রোনালদো।
জোসে দিনিস আভেইরোও ছিলেন টাউনহলের বাগানের মালি। আর দোলোরেস কাজ করতেন রাঁধুিনর। আরও অনেকের মতো তিনিও ভালো রোজগারের আশায় প্যারিসে গিয়ে বাড়িঘর পরিষ্কারের কাজ করেন মাস তিনেক। সব মিলিয়ে জীবন তাঁদের মোটেও সহজ ছিল না। তবু শৈশবস্মৃতি নিয়ে সুখী আজকের রোনালদো। মাত্র দু-তিন বছর বয়সে লম্বিনো স্ট্রিট প্রাঙ্গণে খেলার সময়ই যে আবিষ্কার করে ফেলেন, ফুটবলই তাঁর শ্রেষ্ঠ বন্ধু।
ছেলেবেলায় রোনালদো ছিলেন সাংঘাতিক চঞ্চল৷ স্কুল পালিয়ে ফুটবল খেলতে যেতেন। শিক্ষকেরা এ ব্যাপারে নালিশ করলেও মা দোলোরেস নিরন্তর প্রশ্রয় দিতেন। ছেলের খেলার আগ্রহে বাধা হয়ে দাঁড়াননি বাবা দিনিসও। রোনালদোর প্রথম ফুটবল কোচ ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফ্রান্সিসকো আলফানসো। তাঁর বর্ণনায়, ‘আসলে ফুটবলই ছিল রোনালদোর জীবন। তার কৌশলগত দক্ষতা ছিল অসাধারণ৷ ডান ও বাঁ পায়ে সমান দক্ষ ছিল ও৷ সহজাত প্রতিভা নিয়েই জন্ম, নিশ্চয়ই তার জিনে ব্যাপারটি লুকিয়ে আছে।’
অল্প বয়সেই রোনালদোর খেলার নামডাক ছড়িয়ে পড়ে আশপাশে। স্থানীয় সেরা ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখায়। নাসিওনাল দা মাদেইরা ক্লাবের হয়ে পথচলা শুরু হয় রোনালদোর। সতীর্থদের সবাই বয়সে তুলনামূলক বড়৷ তাদের সঙ্গে ছেলেকে খেলতে দিতে মায়ের মনে নানা উদ্বেগ। কিন্তু রোনালদোর বাবা আশ্বস্ত করেন, ‘চিন্তা কোরো না। ও খুব দ্রুত দৌড়াতে পারে। দেখবে, ওকে কেউ ধরতেই পারবে না।’
নজরকাড়া নৈপুণ্য দেখাতে থাকে ছোট ছেলেটি। এবার মাদেইরা দ্বীপের বাইরে থেকে ডাক আসে তার। গন্তব্য পর্তুগালের রাজধানী লিসবনের নামী ক্লাব স্পোর্টিং লিসবন। আর তখনই শুরু রোনালদোর খেলোয়াড়ি জীবনের সবচেয়ে কঠিন পর্যায়টির। আগে কোনো দিন মাদেইরার বাইরে পা রাখেনি সে, উড়োজাহাজেও চড়েনি। রওনা হওয়ার অাগের রাতে চিন্তায় তার ঘুম যেন হারিয়ে যায়৷ অনেক বড় ও পেশাদার খেলোয়াড় হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ১২ বছরের রোনালদোর লিসবনে পাড়ি জমানো। অল্প বয়সে সেই অপরিচিত জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটি সহজ ছিল না। তবে অদম্য ইচ্ছা আর অক্লান্ত পরিশ্রমের কাছে হার মানে সব বাধা৷ মা দোলোরেসের ইচ্ছা, তাঁর ছেলে একদিন লুইস ফিগোর মতো বড় খেলোয়াড় হবে।
নতুন শহরে গিয়ে প্রতিভা ও শারীরিক সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রশিক্ষকদের মন জয় করে নেয় ছেলেটি। তারপর নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে লিসবনের একটি বিদ্যালয়ে ভর্তি হয়ে আবার পড়াশোনার শুরু। অচেনা পরিবেশ, কথায় আঞ্চলিকতার টান নিয়ে সহপাঠীদের ব্যঙ্গ-বিদ্রূপ আর নানা বিধিনিষেধ৷ মাঝেমধ্যে খুব মন খারাপ হতো বাড়ি ফিরে যাওয়ার জন্য। ফোনকার্ড কিনে মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে তার আরও বেশি কান্না পেত। তবে মা তাকে সাহস দিয়েছেন সব সময়।
খেলার মাঠে অবশ্য প্রতিভার ছটাও ছড়াতে শুরু করেন৷ স্পোর্টিং লিসবনের দীর্ঘ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে একই মৌসুমে খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৮, ‘বি’ দল এবং মূল দলে। পেশাদার ফুটবলার হিসেবে প্রথম আনুষ্ঠানিক চুক্তিও করে ফেললেন ২০০১ সালে৷ শুরু হলো আশ্চর্য এক গল্পের৷
সূত্র: বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন, একাধিক ওয়েবসাইট ও লুকা কাইয়োনির বই রোনালদো৷