‘দেশ, নাকি ক্লাব—পছন্দটা খেলোয়াড়ের’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাখঢাক না করেই বলে দিয়েছিল, দেশের দায়িত্বকে অবহেলা করে আইপিএলে খেলতে গেছেন ক্রিস গেইল। চোখধাঁধানো অর্থের আইপিএলে খেলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের বাইরে চলে গেছেন শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ। ক্রিকেটাররা কোনটাকে বেশি গুরুত্ব দেন, দেশ নাকি ক্লাব—এ বিতর্কে যোগ হয়েছে নতুন মাত্রা।দেশের প্রতি দায়িত্ব ভুলে ক্লাবে খেলায় ক্রিকেটারদের বিরুদ্ধে নানা সমালোচনা চলছে। তবে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব কথা বলছেন ক্রিকেটারদের হয়েই, ‘সময় বদলেছে। আমি মনে করি, প্রত্যেকেরই নিজের পছন্দটা বেছে নেওয়ার অধিকার রয়েছে। আমরা দেশের হয়ে খেলতে ভালোবাসতাম। দিন বদলেছে, বদলে গেছে মানুষের জীবনও। দেশ, নাকি ক্লাব—পছন্দটা খেলোয়াড়ের।’কলকাতায় একটি মোবাইল ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে আরেকটা বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল কপিলকে। সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের নাকি অনেকে বেশি ম্যাচে খেলতে বাধ্য করা হয়—আপনি কি মনে করেন? কূটনীতিক চালে কপিলের জবাব, ‘আমি সত্যিই জানি না। অনেকে বলেন, কম ক্রিকেট খেলা হয়, কেউ বলেন বেশি। আসলে কী পরিমাণ খেলা হবে, তা নির্ভর করে আয়োজকদের ওপর। আমাদের সময় আমরা ছয়-সাত মাস ধরে খেলেছি। আর এখন ক্রিকেটাররা বছরজুড়েই খেলে।’ ওয়েবসাইট।