
রোলবল খেলা বাংলাদেশে এখনো জনপ্রিয়তা পায়নি। কিন্তু ঢাকায় এবার শুরু হচ্ছে রোলবলের সবচেয়ে বড় আসর। ১৮ ফেব্রুয়ারি ৪০ দেশকে নিয়ে হবে রোলবল বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে ভীষণ রোমাঞ্চিত বাংলাদেশ রোলবল দলের অধিনায়ক আসিফ ইকবাল
ঘরের মাঠে বিশ্বকাপ। আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে?
আসিফ ইকবাল: প্রস্তুতি যথেষ্ট ভালো। ভারতের পুনেতে গত বিশ্বকাপে ৩০টি দেশের মধ্যে সপ্তম হয়েছিলাম আমরা। এবার যেহেতু নিজেদের মাঠে খেলব, তাই টুর্নামেন্ট নিয়ে ভীষণ রোমাঞ্চিত।
এবার আপনাদের লক্ষ্য কী?
আসিফ: কোচ আশরাফুল আলম স্যারের অধীন এবার আমরা মাত্র দুই মাসের অনুশীলন করেছি মিরপুর ইনডোরে। তা ছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন ভারত থেকেও দুজন কোচ এসেছেন। আশা করি, এবার আমরা ফাইনালে উঠতে পারব।
কোনো প্রস্তুতি ম্যাচ খেলেছেন?
আসিফ: গত সপ্তাহে মিরপুরে নেপাল ও ভারতের সঙ্গে দুটি ম্যাচ খেলেছি। নেপালের সঙ্গে ৬-২ গোলে জিতেছি। কিন্তু ভারতের সঙ্গে ৬-৬ গোলে ড্র হলেও খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর মাত্র দুয়েক সেকেন্ড সময় পেলে হয়তো জিতেই যেতাম।
কত সময় ধরে এই খেলা হয়। অন্যান্য নিয়মকানুনই বা কেমন?
আসিফ: এটি ৫০ মিনিটের খেলা। ২৫ মিনিট পর বিরতি। এটি আসলে স্কেটিং, হ্যান্ডবল ও বাস্কেটবলের মিশেলে নতুন একটি খেলা। মাঠের চওড়া ২০ মিটার, লম্বায় ৪০ মিটার। প্রতি দলে ৬ জন খেলোয়াড় থাকে। মাঠে ড্রিবল না করে তিন সেকেন্ডের বেশি বল হাতে ধরে রাখা যাবে না।
এত খেলা থাকতে আপনি রোলবলে এলেন কেন?
আসিফ: আমি তখন ছোট। সতেরো বছর আগের কথা। একদিন বাবা-মায়ের সঙ্গে সংসদ ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন সংসদ ভবন চত্বরে দেখি স্কেটিং করছে ছেলেমেয়েরা। গতির ওই খেলার প্রেমে পড়ে যাই তখনই। কিন্তু গতিময় খেলা বলে বাবা প্রথমে আমাকে এটি খেলতে অনুমতি দেননি। পরে আমার এক জন্মদিনে মা এক জোড়া স্কেটিং কিনে দেন। এরপর থেকেই স্কেটিং করতে শুরু করি।
সারা দেশে এই খেলার চর্চা কতটুকু হয়?
আসিফ: আমাদের ফেডারেশনের অধীনে বর্তমানে ২০টি ক্লাব আছে। আমি লেজার স্কেটিং ক্লাবের হয়ে খেলছি। তিনবার জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতেছি। আমার দেখাদেখি ঢাকা শহরে অনেকেই আসছেন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচি হচ্ছে। সেখানে প্রতি জেলা থেকে অন্তত ১০০ জন স্কেটিংয়ে আসার আগ্রহ দেখিয়েছে। আমরা মাত্র ৩০ জনকে নিয়েছি।
বাংলাদেশে এই খেলার সম্ভাবনা আদৌ রয়েছে কি?
আসিফ: আমাদের দেশে এই খেলার সম্ভাবনা ভালো বলেই মনে করি আমি। ২০১০ সালে বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় হয়েছিলাম। বেশি বেশি টুর্নামেন্টে অংশ নিতে পারলে বাংলাদেশ অনেক সাফল্য পাবে।
* এই খেলায় নিশ্চয় চোটের আশঙ্কাও রয়েছে?
আসিফ: এটা সত্যি একটা গতির খেলা। কিন্তু এই খেলায় রোমাঞ্চও আছে। কিন্তু ঝুঁকি খুব কম।
কেন ঝুঁকি কম?
আসিফ: কারণ এই খেলার আগে আমাদের হেলমেট, নি গার্ড, এলবো গার্ড পরতে হয়। এ ছাড়া সেফটি কৌশল ও বিশেষ টেকনিক তো রয়েছেই। এ জন্যই চোটে পড়ার আশঙ্কা খুবই কম।