‘দেশের উইকেট’ই চান তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালও দেখা গেল দৃশ্যটা। শাহাদাতের বাউন্সার ব্যাটসম্যানকে ছাড়িয়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে। আরেক পেসার ফরহাদ রেজার হাত থেকেও বেরিয়েছে এ রকমই এক বাউন্সার।বিসিবি কাপের প্রায় সব ম্যাচেই এমন দু-চারটে বল চোখে পড়েছে। শেরেবাংলা স্টেডিয়াম তো নয়, যেন পার্থের উইকেট! এমন উইকেটে ব্যাটসম্যানদেরও মজা। বল ব্যাটে আসছে, টাইমিং মিললেই বিদ্যুৎগতিতে চার-ছয়। তামিম ইকবাল তো কাল ম্যাচ শেষে শেরেবাংলা স্টেডিয়ামের এখনকার উইকেটকে বলে দিলেন ব্যাটিং-স্বর্গ, ‘উইকেটে সামান্য ঘাস আছে, তবে ফ্লাট। শুরুর দিকে খেলা একটু কঠিন হলেও এই উইকেট ব্যাটসম্যানদের জন্যই বেশি ভালো।’তবে এমন ‘ভালো’ উইকেট আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চান না বাংলাদেশের সাবেক সহ-অধিনায়ক। কারণটা পরিষ্কার, এমন উইকেট নিজেদের চেয়ে অনেক বেশি ভালো হয়ে যাবে ক্যারিবীয়দের জন্য! দেশের মাঠের সিরিজে তামিম তাই দেশীয় উইকেটই চান, ‘এ রকম উইকেটে সিরিজ খেললে হোম অ্যাডভান্টেজ বলে কিছু থাকবে না। বাংলাদেশের মাটিতেই বাংলাদেশ খেলুক, বিদেশের মাটিতে খেলার কোনো দরকার নেই। আমরা যখন বাইরে যাই, তখন তো ওরা আমাদের মাটি দেয় না, বিদেশের মাটিই দেয়।’ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে একটা চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। তামিম চাইছেন, অনুশীলনটা যেন হয় টেস্টের জন্য প্রত্যাশিত উইকেটেই, ‘যদি আমরা ঘাসের উইকেটে প্র্যাকটিস করি আর টেস্টে ফ্লাট উইকেটে খেলি, বোকামি হবে। আমি মনে করি, আমরা যেটাতে অভ্যস্ত, ও রকম উইকেটই করা উচিত। তবে এসব দেখার জন্য অনেকেই আছেন। যে উইকেটই দেওয়া হোক, আমাদের তাতেই খেলতে হবে।’গতিময়-বাউন্সি উইকেটে ব্যাটিং প্র্যাকটিসটা খারাপ হচ্ছে না তামিম-আশরাফুলদের। প্রতি ম্যাচেই রান উঠছে। তামিমের কাছে এটা এক অনন্য অভিজ্ঞতা, ‘এক থেকে পাঁচ-ছয় পর্যন্ত সবাই রানে আছে। এমন অভিজ্ঞতা গত চার বছরে হয়নি। এখন দেখতে চাই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আসলেই ভালো কিছু করতে পারি কি না।’ সিরিজের আগে এ রকম একটা টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগেরও প্রশংসা করছেন, ‘টুর্নামেন্ট বলে এখন প্র্যাকটিস ম্যাচ মনে হচ্ছে না। সবাই জেতার জন্য খেলছি। প্ল্যানিং, চিন্তাভাবনা—সবকিছু ম্যাচের মতোই হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এটা ভালো উদ্যোগ।’ তামিমের আশা, প্রিমিয়ার লিগ-জাতীয় লিগের মতো এখন থেকে নিয়মিতই হবে বিসিবি কাপ, ‘এখানে দেশের সেরা খেলোয়াড়েরা খেলছে। এ রকম টুর্নামেন্টে একজন তরুণ পারফর্ম করলে তার আত্মবিশ্বাস বাড়বে। বড়দের সঙ্গে খেলে ভালো করলে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো খেলার সাহস পাবে। আমার মতে, বছরের নির্দিষ্ট সময়ে বিসিবি কাপ নিয়মিত হওয়া উচিত।’বিসিবি কাপে জাতীয় দলের সবাই কিন্তু রান পাননি। তামিমের ওপেনিং সঙ্গী ইমরুল কায়েসই যেমন তিন ম্যাচ খেলে করলেন ৪, ১৩ আর অপরাজিত ২০। তবে জিম্বাবুয়ে সফর থেকেই রান-খরায় থাকা ইমরুল দুঃসময়ে পাশে পাচ্ছেন তামিমকে, ‘ওর সময়টা একটু খারাপ যাচ্ছে। আমি চেষ্টা করছি সাহায্য করতে। শুধু আমি না, দলের সবাই ওর সঙ্গে আছে। ইমরুল গত বছর ওয়ানডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছে। ওর সামর্থ্য সন্দেহাতীত। আমার ধারণা, নির্বাচকেরাও তার ওপর ভরসা রাখবেন।’উইকেটের মতো হোম সিরিজে ওপেনিং সঙ্গী তামিম বদলাতে চাইবেন না স্বাভাবিক। দেশের মাটিতে খেলা ওয়ানডেতে এখনো তামিম-ইমরুল জুটিটাই যে বাংলাদেশের সেরা, আর দ্বিতীয় সেরা টেস্টে।