‘দোস্ত, তাহলে দেখা হচ্ছে শিগগিরই’
চ্যাম্পিয়নস লিগের ড্রয়ে রিয়াল মাদ্রিদকে পাওয়ার পর টুইট করেছিলেন রিও ফার্ডিনান্ড। পুরোনো বন্ধু ক্রিস্টিয়ানো রোনালদোর উদ্দেশে। ছয় বছর ম্যানচেস্টারে কাটানোর সময় রোনালদোর কাছের বন্ধুদের একজন ছিলেন ফার্ডিনান্ড। তবে আগামী কিছুদিনের এই দোস্তিটা রূপ নেবে ‘শত্রুতা’য়। আক্রমণভাগের সেনাপতি হিসেবে রোনালদোর কাজই হবে ইউনাইটেডের রক্ষণদুর্গ ভেঙে গোল করা। রক্ষণদুর্গের সেনানী হিসেবে ফার্ডিনান্ডের কাজই হবে রোনালদোকে অচল মুদ্রা বানিয়ে দেওয়া। ১৩ ফেব্রুয়ারি দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য নাকি তর সইছে না রোনালদোর। ফার্ন্ডিনান্ড জানালেন, মুখিয়ে আছেন তিনিও। রোনালদোকে ফাঁদে আটকানোর বিশেষ ফন্দিও নাকি এঁটেছেন। সেই কৌশল অবশ্য ফাঁস করে দেওয়ার বোকামি করেননি। তবে বলেছেন, ‘ও যখনই বল পাবে, তখনই ওর আশপাশে যত বেশি সম্ভব খেলোয়াড় দিয়ে ঘিরে ফেলতে হবে! কিন্তু না, মাদ্রিদ খুবই ভালো একটা দল। আপনাকে নিশ্চিত করতে হবে আপনার খেলোয়াড় সাজানোটা যেন ঠিক হয়, রক্ষণ করার জন্য মাঠের সবখানে আপনাকে ভালো অবস্থায় থাকতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন অনেক সময় আসবে যখন আপনাকে একা রোনালদোর সামনে পড়তে হবে। ওদের অন্য স্ট্রাইকারদের বেলায়ও এমনটা হতে পারে। এ ধরনের পরিস্থিতিগুলোয় আমাদের ভালো রক্ষণ করার সামর্থ্য থাকতে হবে। আমার অনুমান, এ ধরনের পরিস্থিতিতে যে দল ভালো করবে, তারাই জিতবে।’সর্বশেষ এই দুই দলের দেখা হয়েছিল ২০০২-০৩ চ্যাম্পিয়নস লিগের শেষ আটে। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। ফিরতি লেগে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। না, এই রোনালদো নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তি। সেই ম্যাচের মাত্র তিনজনই এখন আছেন ফার্গুসনের শিষ্য হয়ে। ফার্ডিনান্ড তাঁদেরই একজন। ৩৪ বছর বয়সী এই সেন্টারব্যাক দৃঢ়প্রতিজ্ঞ সেই স্মৃতি এবার রিয়ালকেই ফিরিয়ে দিতে। তবে ভালো করেই জানেন, ইউনাইটেডের আশা খুন করে ফেলতে পারেন আরেক রোনালদোই।ইউনাইটেড সমর্থকদেরও বড় দুশ্চিন্তার নাম এই পর্তুগিজ তারকা। তবে ফার্ডিনান্ডের আশাবাদ, ৫ মার্চের ফিরতি লেগে রোনালদোকে সাদরেই বরণ করে নেবে ইউনাইটেড সমর্থকেরা, ‘ও যখন এখানে ছিল, সমর্থকেরা ওকে অনেক ভালোবাসা দিয়েছে। ও চলে যাওয়ার পরও ওর নাম মনে রেখেছে। ও এখানে এসেছিল ছোট্ট একটা ছেলে হিসেবে। বেরিয়ে গেছে বিশ্বসেরা হিসেবে। যাওয়ার সময় এই ক্লাবকে সে অনেক সম্মান দেখিয়েছে। ও এখনো তা-ই দেখায়।’ ওয়েবসাইট।