‘দোহাই, চুপ করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোয়েব মালিকের সাক্ষাত্কার চাইতে গিয়ে বাংলাদেশের এক সাংবাদিকের ভিড়মি খাওয়ার দশা হয়েছিল। সেও বছর তিনেক আগের ঘটনা। পাকিস্তানি অলরাউন্ডার সাক্ষাত্কার দিতে রাজি হয়েছিলেন এক শর্তে, তাঁকে দিতে হবে ১ হাজার ডলার!সেই মালিক তাঁর বিয়েশাদির মতো একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানের খবর বিক্রি করতে চাইবেন, এতে আর বিস্ময়ের কী! বৌভাতের খবর সাড়ে তিন কোটি রুপিতে বিক্রির চেষ্টা চালানোর পর সংবাদমাধ্যম অবশ্য একরকম ধুয়েই দিয়েছে। ইউরোপ-আমেরিকাতে তারকাদের বিয়েশাদির খবরের স্বত্ব বিক্রির ঘটনা আকসারই ঘটে। কিন্তু এই উপমহাদেশে এমন নজির বিরল।এক দফা সমালোচনার পর এবার মালিক অনেকটা করজোরে মিনতি করছেন ক্ষান্ত দেওয়ার জন্য। যেন কবির কাকুতি তাঁর কণ্ঠে—‘দোহাই তোদের, একটুকু চুপ কর।’ মালিকের এই আহ্বান সাংবাদিকদের প্রতি, ‘আমাদের বিয়ে নিয়ে সাধারণ মানুষ খুশি, এটা জেনে আমি আনন্দিত। কিন্তু আমার মনে হয়েছে, সময় এসেছে এই উন্মাদনার সমাপ্তি টানার। আমাকে ও সানিয়াকে আর দশটা সাধারণ দম্পতির মতোই থাকতে দিন। আমাদের দুই পরিবারকে এবার রেহাই দেওয়ার অনুরোধ জানাচ্ছি মিডিয়ার প্রতি।’বললেই হলো! শোয়েনিয়া জুটি যে এরই মধ্যে এই অঞ্চলে ‘বেকহাম জুটি’র মর্যাদাই পাচ্ছে। ডেভিড বেকহামের এন্তার চেষ্টার পরও কি মিডিয়া তাঁর পরিবারকে এতটুকু রেহাই দিয়েছে? বরং সব সময় হাজারটা ক্যামেরা পিছু তাড়া করে ফেরে তাঁদের। শোয়েনিয়া জুটির মধ্যে তো আবার শত্রুভাবাপন্ন দুই দেশের মসলা যুক্ত হয়ে সেটিকে করে তুলেছে মসলাদার।কিন্তু মালিক বলছেন, ‘দুটো আলাদা দেশের দুজন মানুষ বিয়ে করেছে, ব্যস। এটাকে একটা বিয়ে হিসেবেই বিবেচনা করা উচিত, এর বেশি কিছু নয়।’ ঝাঁক বেঁধে ঘিরে থাকা সাংবাদিকের দঙ্গল সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠেছেন এই ক্রিকেটার, ‘আমি তাই মিডিয়াকে অনুরোধ জানাই, এই উন্মাদনা কমান। আমাদের পরিবারকে বাকি সব পরিবারের মতো উপলক্ষটা উপভোগ করতে দিন। এই সব উন্মাদনার কারণে আমি আমার বন্ধু আর স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারিনি শিয়ালকোটে বিবাহোত্তর সংবর্ধনা যেদিন হলো। কী গিজগিজে ভিড়!’সেই অনুষ্ঠানের বিয়ের কার্ড চড়া দামে বিক্রি হয়েছে—এমন খবরও এসেছে। মালিকের এক নিকটাত্মীয়ের কাছ থেকে ১৫ হাজার রুপি দিয়ে বিয়ের নিমন্ত্রণ কার্ড কিনেও অনুষ্ঠানে যেতে না পারায় লাহোরের দেওয়ানি আদালতে মামলা ঠুকেছেন সফদার আলী নামের এক ব্যক্তি। শোনা যাচ্ছে, ৫-১০ হাজার রুপিতে বিয়ের কার্ড অনেকের কাছেই বিক্রি করেছেন মালিকের আত্মীয়রা।এসব খবর উড়িয়ে দিয়েছেন মালিক, ‘আমি এসব খবরে হেসেছি। বিয়ের কার্ড বিক্রি হচ্ছে—এটা তো হাসার মতোই একটা খবর। দয়া করে বিয়ের কার্ডকে ক্রেডিট কার্ড বানিয়ে ফেলবেন না।’ ওয়েবসাইট।