১৯৭৬ সালের দিকে একদিন বাসে করে দক্ষিণ লন্ডনের দিকে যাচ্ছিলেন কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড। হঠাত্ কন্ডাক্টরের মাথার হ্যাটটা তাঁর খুব পরিচিত মনে হলো। তিনি জিজ্ঞাসা করলেন হ্যাটটা সে কোথায় থেকে পেয়েছে। কন্ডাক্টরের জবাব, ‘ওহ! তুমি কী কখনো ডিকি বার্ডের নাম শোননি? এটা তার হ্যাট। আমি এটা তার কাছ থেকে নিয়েছিলাম বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময়। ম্যাচ শেষ হওয়ার পর আমরা সবাই মাঠে দৌড় দিয়েছিলাম। আর বুঝতেই পারছ, রেসটা আমিই জিতেছিলাম!’খেলা শেষ হলে উল্লসিত জনতার এভাবে মাঠে দৌড় দেওয়ার রেওয়াজটা এখন আর নেই। কিন্তু ওয়ানডে ক্রিকেটের শুরুর দিকে এটা ছিল খুবই নিয়মমাফিক একটা ব্যাপার। এখনকার মতো এত নিরাপত্তার কড়াকড়িও ছিল না সে সময়। খেলা শেষ হলেই বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানাতে বা সবাই মিলে একসঙ্গে জয় উদযাপন করার জন্য মাঠে দৌড় দিত দর্শকেরা। তবে তখনকার এ ‘দৌড়-সংস্কৃতি’র ফলে খেলাটা সুষুমভাবে শেষ করতে অনেক জটিলতা সৃষ্টি হয়েছে, এমন উদাহরণও আছে প্রচুর। দেখা গেল, দর্শকেরা ধরেই নিয়েছে যে খেলাটা শেষ হয়ে গেছে। মুহূর্তেই তারা দৌড়ে এসে ভরিয়ে দিল গোটা মাঠ। কিন্তু আসলে হয়তো তখনো খেলা কিছুটা বাকিই থেকে গেছে। ১৯৭৫ সালের বিশ্বকাপ ফাইনালটাই এটার সবচেয়ে যুত্সই উদাহরণ। যেখানে আম্পায়ার ডিকি বার্ডকে তাঁর হ্যাট খোয়াতে হয়েছিল। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেফ টমসন হারিয়েছিলেন তাঁর প্যাড। আর অতি কষ্টে মাঠ ছাড়ার পর উইন্ডিজ অলরাউন্ডার কেইথ বয়েস খুঁজে পাননি তাঁর জুতো জোড়া।প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচটা শুরু হয়েছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে। ১১টার সময়। আর শেষ হয়েছিল প্রায় ১০ ঘণ্টা পর। রাত পৌনে নয়টায়। কারণ, দু-তিনবার খেলোয়াড়-আম্পায়ারদের সামলাতে হয়েছিল উত্সুক দর্শকদের জোয়ার। টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৯২ রানের দুরূহ টার্গেট ছুড়ে দিয়েছিল ক্লাইভ লয়েড বাহিনী। ক্লাইভ লয়েড নিজে খেলেছিলেন ৮৫ বলে ১০২ রানের এক অসাধারণ অধিনায়কোচিত ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে ভালোই লড়াই চালাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু পাঁচ পাঁচটা রান আউট আর কেইথ বয়েসের আগুন ঝরানো বোলিং অসহায় করে দিল অস্ট্রেলিয়াকে। স্কোরবোর্ডে ২৩৩ রান জমা করেই ফিরে গেলেন নয়জন ব্যাটসম্যান। কিন্তু শেষ উইকেট জুটিতেই টানটান উত্তেজনা সৃষ্টি করে ফেললেন জেফ টমসন আর ডেনিস লিলি। এক রান, দুই রান করে আস্তে আস্তে স্কোরবোর্ডে ৩৩ রান জমা করে ফেললেন এই দুই উদ্বোধনী বোলার। শেষ দুই ওভারে দরকার ২৬ রান। ৫৯তম ওভারের প্রথম বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বলেই কাভারে দাঁড়ানো রয় ফ্রেডরিকের হাতে ধরা পড়লেন থমসন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে মুহূর্তের মধ্যে জনসমুদ্রে পরিণত হলো লর্ডস স্টেডিয়াম। ২২ ইয়ার্ডের পিচটুকু বাদ দিয়ে পুরো মাঠটাই চলে গেল ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের দখলে। কিন্তু ওদিকে আম্পায়ার যে একটা হাত তুলে নো বলের ইশারা করেছেন, সেটার দিকে কেউ নজরই দেয়নি। মজার ঘটনাটা শুরু হলো এখানেই।উইকেটের এক প্রান্তে ডেনিস লিলিকে সীমানার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে স্ট্যাম্প লক্ষ্য করে বল ছুড়লেন ফ্রেডরিক। লক্ষ্যভ্রষ্ট। বল চলে গেল দর্শকদের মাঝে। এই অপ্রত্যাশিত-লাভজনক পরিস্থিতির সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না লিলি। ইচ্ছামতো দৌড়াতে লাগলেন উইকেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তিন রান নেওয়ার পর থেমে যেতে চেয়েছিলেন টমসন। কিন্তু লিলি শান্ত হলেন আরও অনেকক্ষণ দৌড়ানোর পর। শেষ পর্যন্ত একসময় দর্শকেরা পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে আবার চলে গেল দড়ির বাইরে। লিলি, আম্পায়ার টম স্পেনসারের কাছে জানতে চাইলেন তিনি কত রান পাচ্ছেন? এতবার দৌড়ানোর পরও তাঁকে মাত্র দুই রান দেওয়া হবে শুনে তিনি ভয়ানক চটে গেলেন। ক্ষুব্ধ হয়ে বললেন, ‘অসম্ভব, আমরা সারা দুপুর ধরে এই উইকেটের এপার-ওপার করছি।’ ডিকি বার্ডও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলেন। লিলিকে জিজ্ঞাসা করলেন তাঁরা আসলে কয় রান নিয়েছেন। লিলি তখনো তাঁর এতখানি পরিশ্রম বৃথা যাবে, এটা ভাবতেই পারছিলেন না। বললেন, ‘এটা তো তোমাদেরই গোনার কথা। কিন্তু আমি ১৭ রানের মতো নিয়েছি।’ যদিও কিংবদন্তি এই দুই পেসারের ওই দৌড়গুলো শেষ পর্যন্ত গোনায় আসেনি। তাঁদের দেওয়া হয়েছিল মাত্র চার রান। খেলাটাও এরপর চলেছিল আর মাত্র তিন বল। প্রথম দুই বলে দুটা সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে গেলেন টমসন। ওয়েস্ট ইন্ডিজ পেল ১৭ রানের জয়। এবার দ্বিগুণ গতিতে মাঠের দিকে ধেয়ে এল উল্লসিত উইন্ডিজ সমর্থকদের স্রোত। মাঠে উপস্থিত ক্রিকেটার-আম্পায়ারদের হাল কী হয়েছিল, সেটা তো শুরুতেই বলা হয়েছে। তবে পরিস্থিতি এ রকম হতে পারে আন্দাজ করে বুদ্ধিমানের মতো কাজ করেছিলেন কেইথ বয়েস। বিরতির সময়ই তিনি তাঁর নতুন জুতাটা পাল্টে পড়ে নিয়েছিলেন এক জোড়া পুরোনো জুতা। যেন জুতার মায়া ছেড়েই ভোঁ-দৌড় দেওয়া যায় সাজঘরের দিকে!