‘দ্বিতীয়া’র জন্ম মুম্বাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবপরিণীতার মেহেদীর রং এখনো শুকায়নি। মধুচন্দ্রিমাও সারা যাচ্ছে না নির্বিঘ্নে। কিন্তু তাতে রবিচন্দ্রন অশ্বিন মন খারাপ করেছেন বলে মনে হয় না। মাঠেও যে মধুচন্দ্রিমা চলছে তাঁর! ১১ উইকেট, প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি—ম্যাচ সেরার পুরস্কার মিলল মুম্বাই টেস্টে। সিরিজে ২২ উইকেট, সিরিজ-সেরার পুরস্কারটিও পেলেন। অশ্বিনের টুইটারে নিশ্চয়ই প্রশংসার বন্যা!অবাকই হতে হলো, অনেকেই সমালোচনা করছেন তাঁর! কেন অশ্বিন আরেকটু দ্রুত দৌড়ে একের জায়গায় দুই রান নিলেন না। তাহলেই তো জিতে যেত ভারত! প্রশংসাও করেছেন অনেকে। তবে মন খারাপ করে অশ্বিনকে দিতে হলো সমালোচনার জবাব। টুইটারেই লিখলেন, ‘আমি দুই রান নিতে পারতাম, এটা বলার বদলে কেউ কি বলতে পারবেন অন্য রকম আর কী হতো? প্রথম রানটা যখন পূর্ণ করলাম, থ্রো থেকে উড়ে আসা বল তো ততক্ষণে আমার মাথার ওপর।’এটি যেন মুম্বাই টেস্টের শেষ সেশনের নাটকীয়তার প্রতীক। যেখানে নায়ক হয়ে যান খলনায়ক, এমনই সে নাটকীয়তা! শুধু এই তথ্য থেকে জেনে নিন, এর আগের ২০১৮টি টেস্টের মাত্র একটির স্কোর সমান হয়ে ড্র হয়েছে, দ্বিতীয়টি হলো কাল। আগেরটি অবশ্য খুব বেশি দিন আগের কথা নয়, ১৯৯৬ সালে বুলাওয়েতে, জিম্বাবুয়ে-ইংল্যান্ড টেস্টে।কালও তা-ই হলো। জেতার জন্য ২৪৩ রানের লক্ষ্য ছিল ভারতের। দিনের শেষ ওভারে সেই প্রয়োজনটাই এসে দাঁড়িয়েছিল মাত্র ৩ রানে। ভারতের পক্ষেই সমীকরণ, কিন্তু বিপক্ষে ছিল স্ট্রাইকিং প্রান্তে থাকা বরুণ অ্যারন, মাত্রই অভিষিক্ত অ্যারন কি এই স্নায়ুর চাপ নিতে পারতেন?পারেননি। ফিদেল এডওয়ার্ডসের প্রথম তিনটা বলে রান হয়নি। চতুর্থ বলে মারলন স্যামুয়েলসের মিস ফিল্ডিং থেকে ১ রান। দুর্দান্ত পঞ্চম বল। শেষ বলে চাই দুই রান। শেষ বলটা লং অনে ঠেলে দিয়েও দুটো রানের জায়গা বের করতে পারলেন না প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। প্রাণপণ দৌড়েও ক্রিজে পৌঁছানোর আগেই রানআউট। স্কোরে সমতা। ম্যাচ ড্র! অথচ বিজয়ীর আনন্দে নাচছেন স্যামি-স্যামুয়েলসরা!প্রথম তিন দিনে মাত্র ১৩ উইকেট পড়া মুম্বাই টেস্ট আসলে দিচ্ছিল ম্যাড়মেড়ে এক ম্যাচের পূর্বাভাস। আরব সাগরের বাতাস কী যে উড়িয়ে আনল, সেটাই হঠাৎ করে রং পাল্টে ফেলল শেষ দিন। চতুর্থ দিনেই ২ উইকেট নিয়ে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিলেন, কাল দ্রুতই আরও ৪ উইকেট তুলে নিলেন প্রজ্ঞান ওঝা। স্পিনের বিষে ৪ উইকেট নিলেন অশ্বিনও। আর তাই কাল মাত্র ২৩.২ ওভার টিকল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। আগের দিনের সঙ্গে মাত্র ৫৩ যোগ করে ১৩৪-এ অলআউট।ভারতের সামনে তখন দুটো রাস্তা খোলা। ওভারপ্রতি চারের কাছাকাছি রান তাড়া করে জয় নিয়ে আসা, কিংবা হেঁটে যাওয়া নিরাপদ পথে। ভারত প্রথম বিকল্পটাই বেছে নিয়েছিল। কিন্তু শেবাগের ঝোড়ো ৬০, দ্রাবিড়ের ৪৯ বলে ৩৩-এর পরেও একসময় ১৬৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেছে কোহলির ৬৩ রানের ইনিংস। সপ্তম ব্যাটসম্যান হিসেবে কোহলি আউট হওয়ার পরই শুরু নাটকের চূড়ান্ত পর্ব।কোহলির বিদায়ের পর শেষ চারটি ওভার যে কীভাবে কেটেছে, ওয়াংখেড়ের দর্শকেরাও হয়তো এখন ঠিক মনে করতে পারবে না! মাত্র এক রানের জন্য ভারত জিতল না, মাত্র একটি উইকেটের জন্য জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজও। এক রান বা এক উইকেটের দূরত্বের কারণে ড্র মেনে নেওয়ার প্রথম দৃষ্টান্ত এখন এটিই। সূত্র: ওয়েবসাইট।