‘দয়া করে উপসংহার টানবেন না’
খুব কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত শেষ চারের মধ্যে জায়গা করে নিতে পারে নি কিংস ইলেভেন পাঞ্জাব। গত শনিবার ডেকান চার্জাসের বিপক্ষে ৮০ রানের লজ্জাজনক হারের পরপরই সেই স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট ৫১ রানের লড়াকু এক ইনিংস খেললেও হার এড়াতে পারেন নি। আইপিএলের চতুর্থ আসর শেষে এখন সাবেক এই অসি উইকেটরক্ষক কী করবেন সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনেকে। তবে এখন পর্যন্ত নিজের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলছেন না ৪২ বছর বয়সী গিলক্রিস্ট।শনিবার আইপিএলের চতুর্থ আসর শেষ করার পর গিলক্রিস্ট সাংবাদিকদের বলেছেন, ‘আরও কিছু দিন যাক। তারপর আমি এবারের পারফরমেন্স নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। পরবর্তী আইপিএলের প্রস্তুতি নেওয়ার জন্য এখনও তো প্রায় এক বছর সময় আছে। আর পরবর্তীতে কিংস ইলেভেন পাঞ্জাবে আমার ভূমিকা কী হবে সেটা আমি তখনই ঠিক করব।’কয়েকদিন আগে আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন আরেক অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্ন। গিলক্রিস্টও সাবেক সতীর্থকে অনুসরণ করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি এখনও আনুষ্ঠানিক কোন ঘোষণা দিই নি। দয়া করে এমন কোন উপসংহার টানবেন না।’টাইমস অব ইন্ডিয়া