‘ধনী-গরিব’কে কাছে আনার টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোফায় বসে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন ফিন। ওই সময়ই টিম হোটেলে ঢুকল দক্ষিণ আফ্রিকা দল। ওই দুজনকে দেখে লাগেজ হাতেই এগিয়ে গেলেন মরনে মরকেল। আড্ডা যেন আরও জমে গেল!আইসিসির ওয়েবসাইট, টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইট হয়ে ছবিটি ছড়িয়ে গেল ক্রিকেট-বিশ্বজুড়ে। যেন বিশ্বকাপের প্রতীকী ছবি। তিন দেশের তিন ভরসা, মাঠের ভেতর পরস্পরের ‘মহাশত্রু’। কিন্তু বৈরিতা-শত্রুতা সব মাঠের ভেতরেই। বাইরে যেন সবাই পাশাপাশি। বিশ্বকাপ শুধু সামর্থ্য আর সম্মানের যুদ্ধ তো বটেই, তবে যোদ্ধাদের কাছাকাছি আসার মঞ্চও।ক্রিকেটের সব শ্রেণীর কাছাকাছি আসার মঞ্চও বিশ্বকাপ। ‘উচ্চবিত্ত’ ‘মধ্যবিত্ত’ আর ‘নিম্নবিত্ত’ শ্রেণী এখানে এক কাতারে। তিন ধরনের এই বিভাজন ক্রিকেটীয় শক্তির বিচারে তো অবশ্যই, ক্রিকেট-বিশ্বের শীর্ষ-মাঝারি শক্তির পাশাপাশি আছে সহযোগী দেশগুলোর প্রতিনিধিও। তবে বিশ্বকাপটা যখন টি-টোয়েন্টির, ‘উচ্চবিত্ত-নিম্নবিত্তের’ বিভাজন টানা যায় বিত্তের দিক থেকেও। টি-টোয়েন্টি আর অর্থকড়ি তো এখন সমার্থক। ‘উচ্চবিত্ত’ মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, ক্রিস গেইলরা যেমন আছেন, থাকছেন আয়ারল্যান্ড, হল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের ক্রিকেটাররাও, ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়াটাই যাঁদের জন্য এক যুদ্ধ। আফগান অধিনায়ক নওরোজ মঙ্গল যেমন খেলাটাকে আপন করে নিয়েছেন উদ্বাস্তু শিবিরে! টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচটাই তো বৈপরীত্যের দারুণ এক উদাহরণ। ক্রিকেটের অর্থনৈতিক দৈত্যদের সঙ্গে লড়াই আফগানদের, যাদের ক্রিকেটের শুরু নিজেদের হাতে বানানো ব্যাট-প্যাড দিয়ে!ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফিরিয়ে আনতে আর আরও বেশি দর্শক মাঠে টানতে ৯ বছর আগে যাত্রা শুরু টি-টোয়েন্টি ক্রিকেটের। নতুন এই সংস্করণটাকে ভ্রুকুটি করা লোকই ছিল বেশি। বেশির ভাগ দেশ এটিকে গ্রহণ করতে চায়নি। সময়ের স্রোতে গা ভাসাতে হয়েছে সবাইকেই। এই সংস্করণকে আপন করতে সবচেয়ে বেশি অনীহা ছিল ভারতের। কিন্তু প্রথম ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আর মানুষের উচ্ছ্বাস যেন ভারতীয় ক্রিকেট-কর্তাদের চোখ খুলে দিল। ভবিষ্যৎ পড়তে একদমই সময় নেননি দেশটির ক্রিকেট কর্তারা। জন্ম হলো আইপিএলের। অর্থনৈতিক আধিপত্য এমনিতেই ভারতকে ক্রিকেট-বিশ্বের অঘোষিত শাসক করে তুলেছিল, সেই আধিপত্য একবারেই যেন বহুগুণ বাড়িয়ে দিল আইপিএল।বেতন-ভাতায় আর নানা রকম স্পনসরশিপের কারণে ভারতীয় ক্রিকেটাররা এমনিতেই ছিলেন ক্রিকেট-বিশ্বে ‘উচ্চবিত্ত’ শ্রেণীর। আইপিএল যেন অর্থনৈতিক বিভাজন বাড়িয়ে দিল আরও। শচীন টেন্ডুলকার, ধোনি, গম্ভীর, যুবরাজদের মতো শীর্ষ তারকারা তো ডলারের সাগরে ভাসলেনই, প্রতি দলে চার বিদেশির বাধ্যবাধকতার কারণে গড়পড়তা মানের বেশ কজন ভারতীয় ক্রিকেটারও হয়ে গেলেন মিলিয়নিয়ার!প্রভাবটা পড়ল ক্রিকেট-বিশ্বেই। দেশ আর আইপিএল দলের দ্বন্দ্বটাও প্রকাশ্য হলো। ভারতীয় ক্রিকেটারদের স্বাভাবিকভাবেই এই লড়াইয়ে পড়তে হয়নি। আইপিএল চলাকালে কোনো আন্তর্জাতিক সূচি রাখে না ভারত। কিন্তু বিপাকে পড়ল ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দেশগুলো, নিজেদের ক্রিকেটারদের যারা মিলিয়ন ডলার বেতন দিতে পারে না। উভয় সংকটে পড়েছে বোর্ডগুলো, আইপিএলের সময় ক্রিকেটারদের দেশের হয়ে মাঠে নামাতে খাবি খেতে হয়েছে। সর্বশেষ কেভিন পিটারসেনের উদাহরণ তো আছেই। আইপিএলের লোভনীয় চুক্তি ছেড়ে দেশে ফিরে আসাতেই যে সবকিছুর সূত্রপাত, এটা তো বলার অপেক্ষা রাখে না। অর্থের ফারাকটা স্পষ্ট এই বিশ্বকাপেও। আইপিএলের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পেয়েছে ২০ লাখ ডলার, আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ ডলার! গম্ভীর অবশ্য এই অর্থের ফারাকটাকে বড় করে দেখছেন না। কলকাতা নাইট রাইডার্সের ২৪ লাখ ডলারের অধিনায়ক বলছেন, দেশই আগে, ‘দেশের হয়ে খেলা এবং ভালো করাই সবার কাছে সবকিছুর চূড়ান্ত। বিশ্বকাপ জয়ের চেয়ে বড় কিছু থাকতে পারে না। অনেকভাবেই হয়তো অনেক অর্থ আয় করা যায়, কিন্তু দেশের হয়ে খেলার যে রোমাঞ্চ ও আবেগ, এটা অন্য কোথাও কোনোভাবেই পাওয়া যায় না।’গম্ভীরের কথা খুবই সত্যিই, কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার আয় করা একজনের জন্য এ কথা বলা খুবই সহজ। সবকিছুর পরও অর্থ আর গ্লামার যে বিশাল এক ব্যাপার! এই বিশ্বকাপেও তাই ‘মধ্যবিত্ত’ ও ‘নিম্নবিত্ত’ দেশের অনেক ক্রিকেটারের চাওয়া থাকবে, যদি কোনো আইপিএল দলের নজর কাড়া যায়! এএফপি।