‘ধন্যবাদ বীরেন্দর শেবাগ’
বাংলাদেশের কী উপকারটাই না করলেন বীরেন্দর শেবাগ!ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক চূড়ান্ত অবহেলা করে বাংলাদেশকে তাতিয়ে না দিলে কি আর বাংলাদেশের বোলিং এভাবে জ্বলে ওঠে! ভদ্রতা করে সাকিবরা যতই বলুন, ‘শেবাগের কথা মাথায় রাখিনি বা নিজেদের খেলাতেই শুধু মনোযোগ দিয়েছি ইত্যাদি ইত্যাদি’, কিন্তু কাল বাংলাদেশ যা করল, তাতে কাদের মনে কী ছিল এটা বুঝতে অন্তর্যামী হতে হয় না। অনেকের মতেই ভারতের সর্বকালের সেরা ব্যাটিং লাইনআপকে যে মাশরাফি-বিহীন বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ বড়সড় একটা ধাক্কা দিল, এতে শেবাগের একটা বিশাল ভূমিকা না থেকে পারেই না।কী করেছে বাংলাদেশ? যে ব্যাটিং লাইনআপ নিয়ে এত গর্ব, সেই ব্যাটিং লাইনআপকে প্রায় ভুলতে বসা এক স্বাদ উপহার দিয়েছে অনেক তাচ্ছিল্য করে দেখা বোলিং আক্রমণ। কাল ২০৯ রানে পড়েছে ভারতের ৮ উইকেট। গত বছরে ৬টি টেস্ট খেলে এত কম রানে ৮ উইকেট হারানোর অভিজ্ঞতা নেই ভারতের। এই ৬ টেস্টের তিনটি আবার হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। নিজ দেশের সিমিং কন্ডিশনে নিউজিল্যান্ড যা করতে পারেনি, তাই করে দেখিয়েছে বাংলাদেশ।নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে হ্যামিল্টনে ভারতের ৮ উইকেট পড়েছিল ৪৫৭ রানে, দ্বিতীয় ইনিংসে ভারতের রান ছিল বিনা উইকেটে ৩৯। পরের টেস্টে নেপিয়ারে ৮ উইকেটে পড়ে ২৯১ রানে, দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ৪ উইকেটে ৪৭৬ রানে। আর শেষ টেস্টে ওয়েলিংটনে ৮ উইকেট পড়েছিল ৩১৫ রানে, দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৪৩৪।এবার দৃষ্টি রাখা যাক শ্রীলঙ্কা সিরিজে। আহমেদাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৪ রানে অষ্টম উইকেটের পতন দেখেছিল ভারত, দ্বিতীয় ইনিংসে এর কাছাকাছি (৪১২) রান তুলে ফেলেছিল মাত্র ৪ উইকেট হারিয়েই। আর পরের দুই টেস্টে তো ভারত জিতল ইনিংস ব্যবধানে। কানপুরের গ্রিন পার্কে ৭২৬ রানে ইনিংস ঘোষণা করার সময় একটি উইকেট অক্ষতই ছিল মহেন্দ্র সিং ধোনিদের, ৮ উইকেট পড়েছিল ৬৪৭ রানে। মুম্বাইয়ের ব্রাবোর্নে পরের টেস্টে অবশ্য অলআউট করতে পেরেছিল শ্রীলঙ্কা। তবে আর আগেই ভারত করেছিল ৬৪২ রান, এবার অষ্টম উইকেটের পতন ৬৪১ রানে।ক্রিস মার্টিন, টিম সাউদি, ইয়ান ও’ব্রায়েন, কাইল মিলস, ড্যানিয়েল ভেট্টোরিরা ছিলেন নিউজিল্যান্ড দলে। আর শ্রীলঙ্কা দলে ছিলেন মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথরা। মার্টিন বা মুরালিধরনকে যে ব্যাটিং লাইনআপ পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে দিয়েছিল, তাদের কত সহজেই না নাস্তানাবুদ করে ছাড়ল সাকিব-শাহাদাতরা।এই দুই দেশের কথা না হয় গেল, কিন্তু বাংলাদেশ? তিনবার মাত্র ভারতকে অলআউট করতে পেরেছে, এই তিনবার ৮ উইকেট পড়েছিল ৪১৩, ৩৬৮ ও ৪৬৫ রানে। আরেকবার পেরেছিল ৮ উইকেট ফেলতে, সেটিতে অষ্টম উইকেট পড়েছিল ৩৮৭ রানে। সেসব দলের বোলিং আক্রমণে ছিলেন মাশরাফি, মোহাম্মদ রফিকরা। আর এবার? এই ‘অর্ডিনারি’ বোলিং নিয়েও ২০৯ রানে ৮ উইকেট। তাও আবার এমন এক উইকেটে, টসের সময় যেটি দেখে বীরেন্দর শেবাগ বলেছিলেন, ‘দারুণ ব্যাটিং উইকেট!’দিন শেষে সাকিবের দল ওই শেবাগকেই হয়তো বলেছে, ‘ধন্যবাদ বীরেন্দর শেবাগ!’