‘ধবলধোলাই’ হলো জিম্বাবুয়ে
সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের হয়ে গিয়েছিল আগেই। জিম্বাবুয়ে প্রত্যাশায় ছিল ধবলধোলাইয়ের লজ্জা এড়ানোর। কিন্তু ধবলধোলাইটা এড়াতে পারেনি জিম্বাবুয়ে। কাল সিরিজের শেষ ওয়ানডেটা ৫ উইকেটে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ক্যারিবীয়রা।টসে জিতে প্রথমে ব্যাট করেছিল জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা স্কোরবোর্ডে তোলে ২১১ রান। স্কোরটা ভদ্রোচিত হলেও ওয়েস্ট ইন্ডিজকে পরীক্ষায় ফেলার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত তা হয়ওনি। ড্যারেন ব্রাভোর ৭২ ও কাইরেন পাওয়েলের ৪২ রানের ইনিংসের পাশাপাশি সারোয়ান (১৯), দিওনারাইন (২১), ডোয়াইন ব্রাভো (২৫) ও দিনেশ রামদিনের (২৪) ছোট অথচ কার্যকর কয়েকটি ইনিংসই শেষ পর্যন্ত ম্যাচটি বের করে নিয়ে আসার জন্য যথেষ্ট প্রমাণিত হয়েছে। জিম্বাবুয়ের পক্ষে ভুসি সিবান্দা ৪১, ব্রেন্ডন টেইলর ৩৯ ও চামু চিবাবা ৪৮ রান করে দলের সংগ্রহ দুই শ পেরোতে কার্যকর ভূমিকা রাখেন।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বিরাস্বামী পেরমল তিনটি এবং টিনো বেস্ট ও ডোয়াইন ব্রাভো দুটি করে উইকেট নেন। একটি উইকেট গেছে সুনীল নারাইনের ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া পাঁচটি উইকেটের মধ্যে দুটি নিয়েছেন তরুণ লেগ ব্রেক বোলার টিনোটেন্ডা মুতোমবোদজি। একটি করে উইকেট নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা ও কাইল জারভিস। রয়টার্স।