‘ধাওয়ানের ব্যাটিং ছিল ব্র্যাডম্যানের মতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক টেস্টেই দুর্দান্ত ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছেন শিখর ধাওয়ান। ১৮৭ রানের দারুণ এক ইনিংস খেলে মোহালি টেস্টের ম্যাচসেরাও নির্বাচিত হয়েছেন এই ডানহাতি ওপেনার। তাঁর তাক লাগানো পারফরম্যান্স মুগ্ধ করেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও। এমনকি অসি ওপেনার এড কোয়ান তো শিখর ধাওয়ানকে সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্রাডম্যানের সঙ্গেই তুলনা করে বসেছেন। মোহালি টেস্টে ধাওয়ান ডন ব্রাডম্যানের মতো ব্যাটিং করেছেন বলে মন্তব্য করেছেন কোয়ান।অভিষেক টেস্টে এমনিতেই খানিকটা চাপ নিয়ে খেলতে নামেন বেশির ভাগ ক্রিকেটার। তবে মোহালি টেস্টে শিখর ধাওয়ানের ব্যাটিংটা ছিল একেবারেই ব্যতিক্রম। অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ধাওয়ান। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করে প্রথমে তিনি গড়েন অভিষেক টেস্টে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। এর আগে এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের দখলে। এরপর অভিষেক টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটিও নিজের করে নেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটে এ রকম ভালো ব্যাটিং আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন এড কোয়ান। তিনি বলেছেন, ‘তিনি (ধাওয়ান) ডন ব্রাডম্যানের মতো ব্যাটিং করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এত ভালো ব্যাটিং আমি আগে দেখিনি। এটা ছিল তাঁর প্রথম টেস্ট ইনিংস আর তিনি প্রতিটি বলই খুব চমত্কারভাবে মোকাবিলা করেছেন।’চলমান টেস্ট সিরিজের প্রথম তিনটি ম্যাচেই হারের মুখ দেখে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়েই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে হবে সফরকারীদের। ২২ মার্চ থেকে দিল্লিতে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি।— পিটিআই