‘ধীরে চলো’ নীতি নাদালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন আন্তর্জাতিক টেনিসে নেই। নামতে নামতে তাই র‌্যাঙ্কিংয়ের পাঁচে নেমে গেছেন। গত আট বছরের মধ্যে এটি তাঁর সর্বনিম্ন র‌্যাঙ্কিং। এ অবস্থায় আজ যখন আবার কোর্টে নামতে যাচ্ছেন, ১ নম্বর আসনটিকেই পাখির চোখ করার কথা। কিন্তু রাফায়েল নাদাল ১ নম্বরে ফেরার আলোচনাতে যেতেই রাজি নন। স্প্যানিয়ার্ড তারকার মাথায় এটি কাজই করছে না। তিনি বরং শুরুটা করতে চান ধীরে ধীরে। নিজের সেরাটা ঢেলে এগিয়ে যেতে চান সামনের দিকে।নাদাল সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলেছিলেন গত বছরের জুনে উইম্বলডনে। দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে হেরে যান চেক প্রজাতন্ত্রের ‘অখ্যাত’ লুকাস রোসলের কাছে। হাঁটুর চোট আর তাঁকে কোর্টে নামতে দেয়নি। দীর্ঘ সাত মাস পর আজ আবার কোর্টে পা পড়ছে ১১টি গ্র্যান্ড স্লামজয়ীর। আর্জেন্টিনার হুয়ান মোনাকোর সঙ্গে জুটি বেঁধে খেলবেন চিলির এটিপি টুর্নামেন্ট ভিনা দেল মারের দ্বৈতের ম্যাচে। চার লাখ ১০ হাজার ডলার প্রাইজমানির টুর্নামেন্টের শীর্ষ বাছাই হিসেবে এককে নামবেন আগামীকাল। তার আগে সাবেক ১ নম্বর তারকার কথা, ‘সাত মাস ধরে খেলছি না, আমি এমনকি বিশ্বের ১ নম্বর নিয়ে ভাবছিই না। শুধু সেরাটা ঢেলে দেওয়ার দিকেই মনোযোগ।’ চোটটা এখন অনেকটাই ভালোর দিকে জানিয়ে বলেছেন, ‘আমি ভালো বোধ করছি। কিন্তু ট্যুরে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমার কয়েকটা সপ্তাহ লাগবে। আমাকে ধীরে ধীরে এবং ধৈর্যের সঙ্গে শুরু করতে হবে। সেরা ফর্মে ফিরতে পারব কিনা, তা নিয়ে আমি এখন উদ্বিগ্ন নই। যতদূর সম্ভব এই টুর্নামেন্টটা আমার উন্নতিতেই শুধু সাহায্য করতে পারে। আমার চাওয়া, দীর্ঘদিন পর আমি যেন গ্রহণযোগ্য পর্যায়ের খেলাটা খেলতে সক্ষম হই।’ এএফপি।