‘ধোনিকে ছাঁটাই করো’
মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। গত বছর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই সমালোচনার মুখে ধোনির অধিনায়কত্ব। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দলের করুণ পরিণতি দাবিটাকে আর উসকে দিয়েছে। এবার তাতে যোগ দিলেন বরাবরই সাজাসাপ্টা কথা বলার জন্য পরিচিত মহিন্দর অমরনাথ। ‘ধোনি দলে জায়গা পায় না। গত এক বছরে দলের জন্য সে কী করেছে? অথচ তাকে সরিয়ে দেওয়ার সাহস নির্বাচক কমিটির নেই’—বলেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম এই সদস্য। খেলোয়াড়ি জীবন এবং পরে সব সময়ই ক্রিকেট-কর্তাদের সঙ্গে অমরনাথের ঝোড়ো সম্পর্ক। গুঞ্জন আছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শোচনীয় পরাজয়ের পর ধোনির অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন না বলেই গত সেপ্টেম্বরে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় অমরনাথকে।যদিও অমরনাথ বলছেন, ‘আমি ধোনির বিরুদ্ধে নই। এমনও নয় যে, আমি তাকে পছন্দ করি না। কিন্তু বৃহত্তর দৃষ্টিকোণ থেকেই বিষয়টা আমাদের দেখা উচিত। এক খেলোয়াড়ের অতীত পারফরম্যান্সের চেয়ে বর্তমান পারফরম্যান্সের দিকে দৃষ্টি দেওয়াই গুরুত্বপূর্ণ।’ সর্বশেষ ১৬ ইনিংসে সেঞ্চুরি নেই ধোনির। এই সময়ে চারটি হাফ সেঞ্চুরি করলেও ১০ রানের নিচে আউট হয়েছেন সাতবার।সেদিন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তাঁর কলামে দিয়েছেন আলাদা আলাদা অধিনায়কতত্ত্ব। তাতে সায় আছে অমরনাথের, ‘ভিন্ন সংস্করণের জন্য ভিন্ন ভিন্ন অধিনায়ক হলে কোনো ক্ষতি নেই। সীমিত ওভারের ক্রিকেটে আমি বিরাট কোহলিকে দেখে মুগ্ধ। টেস্টে ধোনির স্থলাভিষিক্ত হতে পারে গৌতম গম্ভীর।’দলে এখন তরুণ রক্ত নিয়ে আসার প্রয়োজন দাবি করে বলেছেন, ‘যখন অন্য খেলোয়াড়েরা পারফর্ম করতে না পারে, তরুণদের পারফর্ম করার সুযোগ দেওয়া উচিত। তরুণদের সুযোগ এবং পারফরম্যান্স দেখানোর জন্য আমাদের সময় দিতে হবে।’শচীন টেন্ডুলকারেরও এখনই অবসর নেওয়া উচিত বলেও মনে করছেন অমরনাথ, ‘শচীন গ্রেট ক্রিকেটার। সে অনেক বছর ধরে খেলছে। কিন্তু এখন সে শুরুর মতো খেলতে পারছে না। সময় প্রত্যেকেরই আসে।’ সাবেক প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকারও তাতে সুর মিলিয়েছেন, ‘শচীন অসাধারণ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে তার অবদান অনেক। তবে তার বয়স এখন ৩৯। সে হয়তো রান করে যাবে, কিন্তু অতীতের মতো সে শাসন করতে পারবে না।’ ওয়েবসাইট।