‘ধোনিকে সরানোর সাহস নেই বোর্ডের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই টেস্টে হার। ঘরের মাঠে ভারতীয় দলের এমন অভিজ্ঞতা হলো দীর্ঘ এক যুগ পর। এ অবস্থায় দাবি উঠেছে, মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার।ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য মহিন্দার অমরনাথও মনে করেন, ধোনিকে সরিয়ে দেওয়া উচিত। শুধু অধিনায়কত্ব থেকে নয়, একেবারে দল থেকেই। তবে ধোনিকে সরিয়ে দেওয়ার ‘সাহস’ ভারতীয় বোর্ডের নেই বলেও মন্তব্য করেন সাবেক এই তারকা ক্রিকেটার।‘দলে জায়গা পাওয়ার অবস্থাতেও নেই ধোনি। ও গত এক বছরে দলের জন্য কী করতে পেরেছে? আমি জানি, ধোনিকে সরিয়ে দেওয়ার সাহস বোর্ড বা নির্বাচক কমিটির নেই।’ গতকাল সোমবার একটি প্রচারণামূলক অনুষ্ঠানে বলেছেন ৬২ বছর বয়সী অমরনাথ।বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতীয় বোর্ডের সঙ্গে অমরনাথের সম্পর্কটা বেশ তিক্ত। নতুন নির্বাচক কমিটি গঠনের সময় প্রধান নির্বাচক হওয়ার কথা ছিল অমরনাথের। কিন্তু বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের কারণে সরিয়ে দেওয়া হয় তাঁকে।ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ভারতের বাজে সফরের পর ধোনিকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন অমরনাথ। এ প্রসঙ্গে অমরনাথ বলেন, ‘আমি ধোনির বিরুদ্ধে নই। এটা এমন নয় যে আমি ওকে পছন্দ করি না। তবে আমাদের বৃহত্তর প্রেক্ষাপট সামনে রেখে ভাবতে হবে। অতীত পারফরম্যান্সের বদলে বর্তমান পারফরম্যান্স দিয়ে কোনো ক্রিকেটারকে মূল্যায়ন করতে হবে।’ভারতের টেস্ট ও সীমিত ওভারের দলের জন্য আলাদা অধিনায়কের পক্ষে গতকাল মত দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। অমরনাথও একই মত দিয়েছেন। তবে কোনো ফরম্যাটেই ধোনিকে নেতৃত্বে রাখার পক্ষে নন তিনি। অমরনাথ জানান, ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক থাকলে ক্ষতি নেই। সীমিত ওভারের ক্রিকেট দলের জন্য বিরাট কোহলিকে অধিনায়ক করা যেতে পারে। অন্যদিকে টেস্টে দায়িত্ব দেওয়া যেতে পারে গৌতম গম্ভীরকে।