‘ধোনির বক্তব্য ক্রিকেটের জন্য ক্ষতিকর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদ টেস্টে নয় উইকেটের বড় জয়। এর পরও সন্তুষ্ট হতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। স্পিনাররা শুরু থেকে সুবিধা পাননি অভিযোগ করে আজ মঙ্গলবার ভারতীয় অধিনায়ক দাবি করেছেন, স্পিনাররা প্রথম দিন থেকেই সুবিধা পান, আগামী টেস্টে যেন এমন উইকেট বানানো হয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পিচ কিউরেটরদের প্রতি ধোনির এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক মনে করেন, ধোনির বক্তব্য ক্রিকেটের জন্য ক্ষতিকর।‘উইকেটে পরিবর্তন আনতে কিউরেটরদের প্রতি ধোনি যে পরামর্শ দিয়েছেন, এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না আমি।’ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন স্টিভ ওয়াহ।ধোনির সমালোচনা করে ওয়াহ বলেন, ‘বিশ্বসেরা হতে চাইলে নিজেদের পছন্দসই উইকেট নয়, সব ধরনের উইকেটে মানিয়ে নেওয়া শিখতে হবে। ধোনির বক্তব্যে আমি সত্যিই বিস্মিত।’ নিজের নেতৃত্বের প্রসঙ্গ টেনে ৪৭ বছর বয়সী স্টিভ ওয়াহ বলেন, ‘আমি ৫৭টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু উইকেটের ধরন নিয়ে কখনোই কিউরেটরদের সঙ্গে কথা বলিনি। কোন ধরনের উইকেটে খেলতে যাচ্ছি, এ নিয়ে কখনোই মাথা ঘামাইনি আমি।’ আহমেদাবাদের স্পিনবান্ধব উইকেট থেকে প্রজ্ঞান ওঝা, রবিচন্দ্রন অশ্বিনরা যথেষ্ট সহায়তা পেয়েছেন। এর পরও উইকেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে ধোনি বলেছেন, ‘আমি এ ধরনের উইকেট দেখতে চাই না। এই উইকেটে স্পিনাররা যথেষ্ট টার্ন ও বাউন্স পাননি। আশা করছি সামনের ম্যাচগুলোতে এমন উইকেট দেখব, যেখানে একদম শুরু থেকেই বল ঘোরানো সম্ভব হয়।’ উইকেট নিজেদের অনুকূলে রাখার ভারতীয় অধিনায়কের এমন প্রকাশ্য ঘোষণায় আপত্তি ওঠাটাই স্বাভাবিক।