‘ধোনির শাস্তি হওয়া উচিত’
সদ্য শেষ হওয়া ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে বারবার আলোচনার কেন্দ্রে এসেছিল আম্পায়ারিংয়ের বিষয়টি। সিরিজের প্রথম টেস্টে ৬৩ রানের জয় পেলেও ম্যাচ শেষে ডেরিল হারপারের কড়া সমালোচনা করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর ডমিনিকায় সিরিজের শেষ টেস্টে স্বেচ্ছায় আম্পায়ারিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন হারপার। তবে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে ও সংবাদ সম্মেলনে যে ধরনের মন্তব্য করেছেন, সে জন্য তাঁর শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার। আইসিসি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে কষ্টও পেয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার ক্রিকইনফোকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে হারপার বলেছেন, ‘আইসিসি পুরো ব্যাপারটায় যে রকম নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তাতে আমি খুবই হতাশ। পুরো ক্রিকেট বিশ্বের জন্যই এটা খুবই দুঃখজনক যে নীতিনির্ধারণী ব্যক্তিরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।’ কিংস্টন টেস্টের একপর্যায়ে ধোনি নাকি হারপারকে ‘আপনার সঙ্গে আমাদের আগেও অনেক সমস্যা হয়েছে ডেরিল’—এমন কথাও বলেছিলেন। আর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেছিলেন, ‘যদি অনেক ভুল সিদ্ধান্ত দেওয়া না হতো, তাহলে আমরা অনেক আগেই হোটেলে চলে যেতে পারতাম।’ ভারতীয় অধিনায়কের এই মন্তব্যকে পুরোপুরি অযৌক্তিক বলে দাবি করেছেন হারপার। তিনি বলেছেন, ‘আমার মতে, ধোনির এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। এগুলো একেবারেই অযৌক্তিক। কিংস্টন টেস্টে আমার একটাই মাত্র ভুল হয়েছিল। আর ওইটা প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার ছিল। আর গতকাল আমি পড়লাম যে আমি নাকি ওই ম্যাচে নয়টা ভুল করেছিলাম। কাজেই এখন এ ব্যাপারে আমাকে কথা বলতেই হচ্ছে। কারণ দুঃখজনক ব্যাপার যে আইসিসি এ ব্যাপারে কোনো কথা বলছে না। আমার মনে হয়, ক্রিকেটের বাইরের অনেক ব্যাপারের জন্যও খেলাটার বিধি ও শৃঙ্খলার লঙ্ঘন হচ্ছে। আর এটা কোনোমতেই হতে দেওয়া উচিত না।’ ক্রিকইনফো।