‘ধ্রুপদী’ লড়াইয়ে জয় ইতালির
বাংলাদেশ সময় ভোর চারটায় অনুষ্ঠিত ইতালি ও জাপানের মধ্যকার ম্যাচটি কতজন দেখেছেন, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু খেলাটি না দেখা দর্শক যে একটি ধ্রুপদী ম্যাচ মিস করেছেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে খেলার প্রথমার্ধেই যে জাপান ২-০ গোলে এগিয়ে ছিল, সেই জাপানই শেষ পর্যন্ত পরাজিত। ৪-৩ গোলে নিষ্পত্তি হওয়া এই লড়াই ‘ক্লাসিক’ হিসেবে অভিহিত না হয়ে তো যায়ই না।জাপানের বিপক্ষে কালকের জয় ইতালিকে তুলে দিয়েছে সেমিফাইনালে। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পাওয়া ইতালি হয়তো ম্যাচের আগে ভাবতেও পারেনি, জাপানকে হারাতে এতটা ঘাম ঝরাতে হবে তাদের। ম্যাচ শেষে ইতালির কোচ সিজার প্রানদেল্লি দ্বিধাহীন চিত্তেই স্বীকার করেছেন, ‘ভাগ্যই এই ম্যাচে জাপানকে জিততে দেয়নি।’ উল্টো করে বললে ভাগ্যের জোরেই সেমিতে পা রেখেছে ইতালি।খেলার এক মিনিটে কেউসুকে হোন্ডার পেনাল্টি গোলে এগিয়ে যায় জাপান। ৩৩ মিনিটে রেসিফে স্টেডিয়ামের উপস্থিত দর্শকদের হতবাক করে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার শিনজি কাগওয়ার গোলে ২-০তে এগিয়ে যায় ‘ব্লু সামুরাই’রা। দুই গোলে পিছিয়ে পড়ে নিজেদের অভিজ্ঞতার ঝুলি উজাড় করে দিয়ে ম্যাচে ঝাঁপিয়ে পড়ে আজ্জুরিরা। ৪১ মিনিটের সময় ড্যানিয়েল ডি রসি ব্যবধান কমান। ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই অনভিজ্ঞতা মাথাচাড়া দেয় জাপানিদের। ৫০ মিনিটে আত্মঘাতী গোলে ইতালির হাতে সমতা তুলে দেন আতসুতো উচিদা। এর ঠিক দুই মিনিট পরেই দুর্ভাগ্যজনক পেনাল্টির শিকার হয় জাপান। পেনাল্টি বক্সের মধ্যে মাকুতো হাসেবে ইচ্ছাকৃতভাবে হাতে না লাগালেও পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করেন মারিও বালোতেল্লি।৩-২ গোলে পিছিয়ে পড়ে খেলার ৬৯ মিনিটে সমতা ফেরায় জাপান। ইয়াসুহিতো এন্ডোর ফ্রি-কিক থেকে বলে মাথা ছুঁইয়ে ইতালির গোলরক্ষক জিয়ানলুইগি বুফনকে পরাস্ত করেন শিনজি ওকাজকি।শ্বাসরুদ্ধকর এই ম্যাচের পরিণতি টানেন সেবাস্তিয়ান জিওভিনকো। এই তরুণ ‘আজ্জুরি’ গোল করে বড় ধরনের এক লজ্জার হাত থেকে বাঁচিয়ে দেন ইতালিকে। অন্যদিকে তিনি এশীয় চ্যাম্পিয়ন জাপানকে বঞ্চিত করেন নতুন ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্ত থেকে। রয়টার্স।