‘নতুন জিদান’ পেয়ে গেছে ফ্রান্স!
সতীর্থরা তাঁকে এতদিন ডেকে এসেছেন ‘ছোট জাভি’ নামে। বার্সেলোনা তারকার মতোই মাঝমাঠে খেলেন। বেশ ভালোই খেলেন, না হলে জাভির সঙ্গে মেলানো হবে কেন! কিন্তু মারভিন মার্টিনকে আর বেশিদিন এই ডাকনাম বয়ে বেড়াতে হবে না। জাভির চেয়েও বড় একটা নাম বোধ হয় পেয়েই গেলেন তিনি—নতুন জিদান!জিদানও প্লে-মেকার ছিলেন। জিদানের মতো মার্টিনও ফরাসি। কিন্তু ‘নতুন জিদান’ পরিচিতির আসল কারণ এটা নয়। নিয়তিই যেন মিলিয়ে দিচ্ছে জিদানের সঙ্গে তাঁর যাত্রাপথের শুরুটা। ১৯৯৪ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অভিষেক হয়েছিল জিদানের। বদলি হিসেবে নেমে দুই গোল করেছিলেন। পরশু ২৩ বছর বয়সী মার্টিনের অভিষেকটাও হলো একই রকম।বদলি হিসেবেই নেমেছিলেন ইউক্রেনের বিপক্ষে। দুটি গোল করলেন, করালেন একটি। প্রীতি ম্যাচে ৪-১ গোলে জিতল ফ্রান্স। জাতীয় দলে এমন দারুণ অভিষেকের পর মার্টিনের প্রতিক্রিয়াটি অনুমেয়ই ছিল, ‘শুরু থেকেই আমাকে ভালোভাবে স্বাগত জানানো হয়েছে। উর্যাসাহ দেওয়া হয়েছে। এটাই অনেক বড় পার্থক্য গড়ে দেয়। মাঠে কোনো রকম চাপ ছাড়াই নেমেছিলাম। নিজেকে তাই উজাড় করে দিয়েছি। জাতীয় দলের প্রথম একাদশে সুযোগ পাওয়া, দুটো গোল করা...আমি উচ্ছ্বসিত।’মার্টিনের চেয়ে বেশি উচ্ছ্বসিত ফরাসি সাংবাদিকেরাই। ফ্রান্সের সেই সুদিন আর নেই। জিদানের মতো নতুন একজন জাদুকরের অপেক্ষায় হাপিত্যেশ চলছে। এরই মধ্যে মার্টিনের এমন উজ্জ্বল আবির্ভাব। সাংবাদিকদের মার্টিনের মধ্যে ‘নতুন জিদান’-কে খুঁজে পাওয়াই স্বাভাবিক। জিজুর সাবেক সতীর্থ কোচ লরাঁ ব্লাঁও বললেন, ‘আমি জানতাম, আপনারা এই তুলনা করবেন। মার্টিনের প্রতি আমার শুভকামনা রইল। আশা করি, জিদানের মতোই একটা ক্যারিয়ার হবে তার।’ব্লাঁর এই আশা পুরো ফ্রান্সেরই আশা নিশ্চয়ই! ওয়েবসাইট।