'নতুন নেইমার'কে পেয়ে গেছে সান্তোস

নেইমার এখনো যথেষ্ট নতুনই। তবে এরই মধ্যে নতুন নেইমারেরও আবির্ভাব হয়ে গেল। বার্সেলোনার কাছে দলের সোনার ডিমপাড়া হাঁসটার অভাবও তাই হয়তো খুব বেশি বোধ করবে না সান্তোস। ব্রাজিলিয়ান লিগে দারুণ এক গোল করে নতুন নেইমারের খেতাব পেয়েছেন ১৯ বছর বয়সী নেইলটন। নেইমারের ছেড়ে যাওয়া সান্তোসের ১১ নম্বর জার্সিটিও উঠেছে নেইলটনের গায়ে।
নামের শুরুতে মিল আছে। এমনকি নেইমারের মতো নেইলটনের ফুটবল ক্যারিয়ারটাও শুরু হয়েছে খুব অল্প বয়সে। সান্তোসের যুবদলে নাম লিখিয়েছিলেন বয়স যখন ছিল মাত্র ১৪ বছর। তার পর থেকেই নিজের ফুটবল প্রতিভার কথা জানান দিয়েছেন নিয়মিতভাবে। তবে আলোচনার কেন্দ্রে এসেছেন এ বছরের শুরুতে। সাও পাওলো ইয়ুথ কাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নজর কেড়েছেন অনেকের। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এই ক্লাব ফুটবল প্রতিযোগিতায় ১৯৮৪ সালের পর দ্বিতীয়বারের মতো সান্তোসের শিরোপা জয়ের পেছনেও প্রধান ভূমিকা ছিল এই স্ট্রাইকারের। এই তথ্যও মনে করিয়ে দেয়, পেলে-যুগের পর সান্তোসকে মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের ট্রফিও দীর্ঘ দিন পর জিতিয়েছিলেন নেইমার।
নেইমার বার্সেলোনায় পাড়ি জমানোর পর নেইলটন জায়গা করে নিয়েছেন সান্তোসের মূল দলে। নেইমারের সঙ্গে তুলনাটা যে অমূলক ছিল না, সেটা এ সপ্তাহে আরও একবার প্রমাণ করেছেন। লিগ ম্যাচে পর্তুগিজার বিপক্ষে তাঁর পা থেকে এসেছে দুটি গোল। এর মধ্যে একটি গোল অনেককেই মনে করিয়ে দিয়েছে নেইমারের স্মৃতি। বলটি জালে পাঠানোর আগে তাঁর ড্রিবলিং দক্ষতাও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অনেকেই গোলটিকে বলছেন ‘নেইমার স্টাইল’। এমনকি গোলের পরে তাঁর নাচের ভঙ্গিতে উদযাপনের মধ্যেও খুঁজে পাওয়া যায় নেইমারকে।
ভবিষ্যতে সত্যিই নেইমারের মতো তারকাখ্যাতি পাবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে পেশাদারি ফুটবল ক্যারিয়ারটাকে যে অনেক সমৃদ্ধ করতে পারবেন, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, ইতিমধ্যেই তাঁকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ দেখাচ্ছে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলো।
নেইলটনের গোলটি দেখুন: