‘নতুন মানুষ’ হতে চান উডস
উষ্ণ অভ্যর্থনাই পেলেন টাইগার উডস। আগামীকাল অগাস্টা মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক গলফে ফিরছেন। এর আগে অনুশীলন করেছেন দু দিন ধরে। ‘শুভ প্রত্যাবর্তন টাইগার’, ‘আমরা তোমাকে মিস করেছি’ ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন সমর্থকেরা। বছরের প্রথম মেজর টুর্নামেন্টে নিজের ১৫ নম্বর শিরোপার জন্য নামছেন সর্বকালের অন্যতম সেরা এই গলফার।অনুশীলন শেষে পরশু মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। এর আগে নিজের কলুষিত জীবনের কথা স্বীকার করে দুই দফা বিবৃতি দিয়েছেন। প্রথমবার নিজের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছিলেন। দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দেননি, স্রেফ নিজের লিখিত বিবৃতি পড়ে গেছেন। নভেম্বরের সেই জীবন ওলটপালট হয়ে যাওয়া ঘটনার পর এই প্রথম সাংবাদিকদের নানা কৌতূহল মেটাতে হলো তাঁকে।উডস স্বীকার করে নিলেন, গলফে ফিরে তিনি বেশ নার্ভাস, ‘আমি অবশ্যই নার্ভাস ছিলাম। ঠিক বুঝে উঠতে পারছিলাম না কী করা উচিত। জঘন্য কিছু কাণ্ডকীর্তি করার পর প্রথম মানুষের সামনে আসা—এ রকম পরিস্থিতিতে তো আগে কখনো পড়িনি।’ জীবনের কঠিনতম দুঃসময়েও যে সমর্থকেরা পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানালেন তাঁদের প্রতিও, ‘যেসব ভক্ত আমাকে আবারও গলফ খেলতে দেখতে চেয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সাধারণত আমি প্রস্তুতিতে শটটা কোথায় মারতে চাই তা নিয়ে ভাবি, কিন্তু আজ (পরশু) বিষয়টি ছিল অন্য রকম। গ্যালারি এর চেয়ে ভালো হতে পারে না। আমাকে যে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, তাতে আমি আবেগে ভেসে গেছি। কিছু কিছু বিষয় আমার হূদয় ছুঁয়ে গেছে’—সংবাদ সম্মেলনে উডসের মাথায় ছিল শ্বেতশুভ্র টুপি। যেন নিজের পাপবিদ্ধ জীবন থেকে নিষ্কলুষ জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা পূরণের প্রতিশ্রুতি। বিব্রতকর কিছু প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তাঁকে। বিশেষ করে ড. অ্যান্থনি গালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। কানাডার এই চিকিৎসক নিষিদ্ধ ড্রাগ স্টেরয়েড পাচারের অভিযোগে অভিযুক্ত। ২০০৮ সালে হাঁটুর চোট থেকে ফিরে আসার সময় এই চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন উডস। গলফের এক নম্বর তারকা অবশ্য জানালেন, ‘তিনি আমাকে কখনোই এইচজিএইস (হিউম্যান গ্রোথ হরমোন) বা কোনো ধরনের পিইড (পারফরম্যান্স-বর্ধক ড্রাগ) দেননি। আমি কখনোই এসব নিইনি।’ এএফপি, ওয়েবসাইট।উডসের স্ত্রী এই টুর্নামেন্টে থাকছেন না। বিয়ের পর এটিই হবে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট, যেখানে এলিন অনুপস্থিত। এ নিয়েও প্রশ্ন উঠেছে, তবে কি সম্পর্ক এখনো স্বাভাবিক নয়? ১৯৯৭, ২০০১, ২০০২ এবং ২০০৫ সালে মাস্টার্স জেতা উডস দৃঢ় কণ্ঠেই অস্বীকার করলেন, ‘ওর কাছ থেকে আমি প্রচুর সমর্থন পেয়েছি।’এত সব ঘটে না গেলেও অগাস্টা মাস্টার্সে উডসের ওপর চোখ থাকত সবার। ২০০৮ সালের পর থেকে কোনো মেজর জেতেননি। গত কয়েক মাসের ঘটনাপ্রবাহের পর কী করেন, এ নিয়ে আগ্রহটা আরও বেড়েছে। উডস কথা দিয়েছেন, ‘নতুন মানুষ হয়ে ওঠা’র যে চেষ্টা তিনি করছেন, সেটি এখানে শিরোপা জিতেই শুরু করতে চান। এই মাস্টার্সেই যে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম মেজর।