‘নতুনত্ব আনবেন ফ্লেচার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেটকে সাফল্যের স্বর্ণশিখরে বসিয়ে বিদায় নিয়েছেন গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকান এই ওপেনারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন ডানকান ফ্লেচার। তাঁর উপস্থিতি ভারতীয় ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন ভারতের বোলিং কোচ এরিক সিমন্সসহ অনেক সাবেক ক্রিকেটার। ইংল্যান্ডের সাবেক এই কোচ ভারতীয় ক্রিকেটে অনেক নতুনত্ব আনতে পারবেন বলে করছেন তাঁরা।১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দল ও বিভিন্ন ঘরোয়া ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন ফ্লেচার। এ সময় ইংল্যান্ডের অনেক সাফল্যও এসেছে তাঁর হাত ধরে। গতকাল ভারতের নতুন কোচ হিসেবে তাঁর নিয়োগ চূড়ান্ত হওয়ার পর বোলিং কোচ এরিক সিমন্স বলেছেন, ‘আমি তাঁর সঙ্গে কাজ শুরু করার ব্যাপারে খুবই আগ্রহী। আমি কারস্টেনের সঙ্গে কাজ করাটা খুব উপভোগ করেছি। আর আমি নিশ্চিত যে ফ্লেচারও ভারতীয় ক্রিকেটের অগ্রগতির জন্য অনেক নতুনত্ব নিয়ে আসবেন। বিশ্বের সেরা দলের কোচ হিসেবে কাজ করাটা নিঃসন্দেহে ফ্লেচারের জন্য একটা বড় চ্যালেঞ্জ।’ভারতের নতুন কোচ হিসেবে ফ্লেচারকে স্বাগত জানিয়েছেন কোচিং কিংবদন্তি জন বুকানন। অস্ট্রেলিয়ার সাবেক এই কোচ বলেছেন, ‘আন্তর্জাতিক ও ঘরোয়া আসরে ফ্লেচারের একটা ভালো রেকর্ড আছে। তাঁর অভিজ্ঞতার ঝুলিও অনেক ভারী। গ্যারির সঙ্গেও কিছু কিছু বিষয়ে তাঁর অনেক মিল আছে। ভারতীয় ক্রিকেটাররা নিঃসন্দেহেই এটা পছন্দ করবে।’ তবে ভারতের মিডিয়া সামলানো ফ্লেচারের জন্য একটা বড় চ্যালেঞ্জিং কাজ হবে বলে মন্তব্য করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ইএসপিএন।