‘নতুনদের ধারাবাহিকতাই প্রাপ্তি’
‘নতুন পারফরমারদের দেখা পাওয়া শ্রীলঙ্কা সফরের সবচেয়ে বড় প্রাপ্তি’—এক মাসের শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে কথাগুলো বললেন মুশফিকুর রহিম।শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এবারের ফেরাটা একেবারেই অন্য রকম। লঙ্কাভূমিতে একটি টেস্ট ম্যাচ ড্র করার পাশাপাশি ওয়ানডে সিরিজে অমীমাংসা, শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয়ের পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও তীব্র লড়াই। শ্রীলঙ্কার ঘাম ঝরিয়ে আসার পর দেশের মাটিতে পা রেখে মুশফিকুর রহিম তাই অনেকটাই সপ্রতিভ, নির্ভার। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশংসায় ভাসিয়ে দিলেন ‘নতুন’দের। তাঁর মতে, নতুনদের ধারাবাহিক পারফরম্যান্স এই সফরে সিনিয়রদের ওপর চাপ অনেকখানিই কমিয়ে রেখেছিল। ব্যাপারটি এই সফরের একটা বড় পাওয়া।মুশফিক আগেই বলেছিলেন, ২০১৩ সালে তাঁদের লক্ষ্য বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ভালো খেলা। শ্রীলঙ্কার মাটিতে লক্ষ্যের শুরুটা দারুণ হয়েছে। এখন, আসন্ন জিম্বাবুয়ে সফরেও মুশফিক ধরে রাখতে চান সেই ‘ভালো’র ধারাবাহিকতা।শ্রীলঙ্কা সফরে মোহাম্মদ আশরাফুলের প্রত্যাবর্তনটা উচ্ছ্বসিত করেছে মুশফিকুর রহিমকে। বলেছেন, এই সফরে প্রচণ্ড চাপের মুখে তিনি (আশরাফুল) তাঁর জীবনের সেরা ইনিংসটি খেলেছেন। চাপের মুখে দাঁড়িয়ে আশরাফুলের ওই ইনিংসটিকেও এক কথায় বর্ণনা করেছেন ‘দুর্দান্ত’ হিসেবে। দেশের প্রতিভাবান এই ব্যাটসম্যানটি ভবিষ্যতেও ধারাবাহিক থাকবেন বলেই প্রত্যাশা ঝরেছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।