'নতুন' অ্যাডিলেডে নতুন লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডের সেই সকালটি এখনও হয়ত দুঃস্বপ্ন হয়ে হানা দেয় রিকি পন্টিংয়ের ঘুমে। গত অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। কিন্তু প্রথম ওভারেই রান আউট সাইমন ক্যাটিচ, নেমেই প্রথম বলে আউট স্বয়ং পন্টিং। তৃতীয় ওভারে আউট মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়া ৩ উইকেটে ২!
হতচকিত অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংস ও ৭১ রানের হারে পিছিয়ে পড়েছিল সিরিজে। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া জয়ে উজ্জীবিত ইংল্যান্ড ২৪ বছর পর অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেই অ্যাডিলেড ওভালে কাল শুরু টেস্ট ম্যাচটি সিরিজের গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে এবারও। এই মাঠে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড কি পারবে অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ড হতে, নাকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নকে মাটিচাপা দিয়ে আরেকটু সামনে এগিয়ে যাবে ক্লার্কের অস্ট্রেলিয়া?
এমনিতে ক্রিকেটের বর্তমানে অতীতের ভূমিকা খুব বেশি নেই। প্রতিটি দিন নতুন, প্রতিটি বল নতুন। প্রতিবারই শুরু করতে হয়ে শুন্য থেকে। তবে মনোবল যদি থাকে তলানির দিকে, অতীতের সুখস্মৃতি থেকে অনুপ্রেরণার রসদ খুঁজতে হয়ই। বিশেষ করে যদি মিলে যায় উপলক্ষ, আবহ। সিরিজে ফেরার লড়াইয়ে তাই এই মাঠে নিজেদের সর্বশেষ কীর্তি উজ্জীবিত করতেই পারে ইংলিশদের। আচমকা চোট না বাধালে ওই অ্যাডিলেড টেস্টের অন্তত সাতজন এবার ইংল্যান্ডের একাদশে থাকছেন নিশ্চিত। অস্ট্রেলিয়া একাদশে থাকছেন পাঁচজন। সাত ইংলিশ যখন ফিরে তাকাবেন তিন বছর পেছনে, পাঁচ অস্ট্রেলিয়ান তখন চাইবেন সেটিকে স্মৃতির আস্তাকুঁড়ে ফেলে দিতে। সঙ্গী যখন সদ্য সাফল্যের সুবাস, দুঃস্বপ্নের অতীতে কে-ই বা ঢুঁ মারতে চাইবে! ব্রিসবেনের দারুণ জয়ের সুবাস আর আত্মবিশ্বাস নিয়েই নামবে অস্ট্রেলিয়া।
তিন বছর আগের থেকে দুদলেই আছে কিছু পরিবর্তন। তবে পুরোপুরি বদলে গেছে অ্যাডিলেড। ৫৩৫ মিলিয়ন ডলারের সংস্কার কাজ চলছে ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামে। সেটি শেষ হবে মার্চে, অনেক ইতিহাসের সাক্ষী এই মাঠে তাই প্রথমবারের মতো টেস্ট হবে ড্রপ-ইন উইকেটে। একই মাটি, একই ঘাস ব্যবহার করে তৈরি এই উইকেটও অ্যাডিলেড ওভালের চিরন্তন চরিত্র মেনে ব্যাটিং-স্বর্গ হবে বলেই আশা করছেন কিউরেটর ডেমিয়েন হাউ। যদিও একেবারে নতুন উইকেট কেমন আচরণ করবে, এটা নিয়ে একটু সংশয় আছে তাঁর মনেও।
এই টেস্টে টস হারাটাই তাই নিরাপদ মনে করতে পারেন ক্লার্ক ও কুক। শেষদিকে উইকেটে টার্ন মিলতে পারে ধারণা থেকে ইংল্যান্ড দেশে ফিরে যাওয়া জোনাথন ট্রটের জায়গায় দ্বিতীয় স্পিনার হিসাবে মন্টি পানেসারকে খেলানোর চিন্তাভাবনা করছে। পানেসারকে না খেলানো হলে অভিষেক হতে পারে বাঁহাতি ব্যাটসম্যান গ্যারি ব্যালান্সের। আরেকটি পরিবর্তন অবশ্য প্রায় নিশ্চিত, ক্রিস ট্রেমলেটের বদলে ঢুকছেন চোট কাটিয়ে ফেরা টিম ব্রেসনান। তিন নম্বরে ট্রটের শূন্য স্থানে ইয়ান বেলকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। পরশু অনুশীলনে অ্যাঙ্কেলে চোট পাওয়ায় কাল অনুশীলন করেননি মাইকেল ক্লার্ক। তবে তাঁর টস করতে নামা নিয়ে সংশয় নেই।
এমনিতে এই মাঠ ক্লার্কের জন্য দারুণ পয়মন্তও বটে। ৮ টেস্টে ৫ সেঞ্চুরিতে ১১০৯ রান করেছেন এক শর বেশি গড়ে। নিজের সৌভাগ্য কি এবার দলেও ছড়িয়ে দিতে পারবেন অস্ট্রেলীয় অধিনায়ক, নাকি তিন বছর আগের অ্যাডিলেডকে ফিরিয়ে আনবে ইংলিশরা? জবাব মিলবে আরেকটি মহারণে। তথ্যসূত্র: ওয়েবসাইট।
অ্যাডিলেডে দুই দল
টেস্ট অস্ট্রেলিয়া ইংল্যান্ড ড্র
৩০ ১৬ ৯ ৫