'নতুন' বাংলাদেশের সামনে হংকং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এশিয়ান গেমসের বাছাইপর্বে ছয় দলে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই পরীক্ষায় নামছে বাংলাদেশ।
লাল-সবুজের কোচ নাভিদ আলম বেশ আত্মবিশ্বাসী, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব এই প্রতিযোগিতায়। তাই প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আশা করি, হংকংকে হারিয়ে ভালোভাবে টুর্নামেন্ট শুরু করতে পারব।’
বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ নয় হংকং। এই দলটির বিপক্ষে দুবার হারলেও বাংলাদেশ জিতেছে চারবার। প্রথম জয় সেই ১৯৮২ এশিয়াড়ে ৩-২, ২০০৬ এশিয়ান গেমসের বাছাইয়ে ২-০, ২০১০ এশিয়াড়ে ৭-৩, ২০১২ সালে ৬-১।
এই ২০১৪ সালেও হংকংয়ের বিপক্ষে সহজ জয়ই পেতে চায় বাংলাদেশ। তবে বাংলাদেশ দলটা বদলে গেছে অনেক। শৃঙ্খলা ভাঙার অভিযোগে চার গুরুত্বপূর্ণ খেলোয়াড় জিমি, জাহিদ, রানা ও পিন্টু নিষিদ্ধ হয়েছেন এশিয়া কাপের পর। হংকং দলেও এবার নবীনের ছড়াছড়ি। দুই তারুণ্যনির্ভর দলের লড়াই বিকেল চারটায় শুরু মওলানা ভাসানী স্টেডিয়ামে। তার আগে বেলা ২টায় সিঙ্গাপুর-ইরান ম্যাচ।
ওমানের জয়: এশিয়ান গেমস হকির বাছাইয়ে গতবারের চ্যাম্পিয়ন ওমান এবারও জয় দিয়েই শুরু করেছে। চীনা তাইপের বিপক্ষে কাল প্রতিযোগিতার প্রথম দিনে তারা অবশ্য জিতেছে ন্যূনতম ব্যবধানে (১-০)। দিনের অন্য ম্যাচে কাতারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা।