‘নতুন’ ব্রাজিলের আরেকটি জয়
প্রতিপক্ষ ইরান। সুতরাং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে তো আগেই বিজয়ী ধরে নেবেন আপনি। প্রত্যাশার নড়চড় হয়নি একটুও। আবুধাবির ম্যাচে ‘স্বাগতিক’ ব্রাজিল জিতেছে ৩-০ গোলে। কয়েক হাজার মাইল পেরিয়ে এসেও প্রতিপক্ষ ইরানের কাছের দেশ আরব আমিরাতে ব্রাজিলই ছিল স্বাগতিক, কারণ ম্যাচের উদ্যোক্তা তারাই। তাদের আমন্ত্রণেই আমিরাতে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল ইরান।ব্রাজিলের গায়ে স্বাগতিক তকমাটা শুধুই উদ্যোক্তা হওয়ার সুবাদে। কিন্তু গ্যালারিতে উপস্থিত হাজার বিশেক দর্শক গলা ফাটিয়ে সমর্থন দিয়ে গেল তো শুধু ইরানকে। কিন্তু এমন সমর্থন কাজে লাগিয়ে ব্রাজিলকে হারানোর মতো চমক দেখাতে পারেনি ইরান। খেলার ১৪ মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন দানি আলভেজ। ব্রাজিল বাকি গোল দুটো করেছে দ্বিতীয়ার্ধে।এলিয়াসের পাসে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসি মিলান তারকা আলেক্সান্দ্রে পাতো। অতিরিক্ত সময়ে ইরানের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন বদলি হিসেবে নামা নিলমার। ২০০৫ সালে এই আবুধাবিতেই ইরানকে ৮-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই অর্থে ৩-০ গোলের জয়টা ব্রাজিলিয়ানদের জন্য একটু হতাশারই। কিন্তু আরেকটা অর্থে জয়টা মূল্যবান। কারণ নতুন কোচ মানো মেনেজেস দায়িত্ব নিয়ে ব্রাজিলকে গড়ে তুলছেন নতুন করে। তবে বিশ্বকাপ-ব্যর্থতার পর দুঙ্গার ছেড়ে যাওয়া চেয়ারে বসে ঠিক পথেই পা ফেলছেন তিনি। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই ব্রাজিলকে জেতালেন মেনেজেস। বিশ্বকাপ দলের মাত্র পাঁচ খেলোয়াড়কে এই ম্যাচে নামাতে পেরেছিলেন ব্রাজিল কোচ। অনভিজ্ঞদের পাল্লাটা ছিল ভারীই। ম্যাচ শেষে মেনেজেস তাই জয়ের উচ্ছ্বাস আড়াল করে কথা বলেছেন প্রক্রিয়াধীন দল নিয়েই, ‘এ মুহূর্তে আমরা কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখার মাঝপথে আছি। এ পর্যায়ে ওদের সামর্থ্য কতটা সেটার মূল্যায়ন করছি আমরা।’আগস্টে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ইরানের বিপক্ষেও জয়—মেনেজেস হাঁটছেন জয়ের পথেই। তবে তাঁর কঠিন পরীক্ষাটা হয়তো সামনে। কারণ আগামী সোমবারই ইউক্রেনের বিপক্ষে এবং তারপরই আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।দুই বছর পর যুক্তরাষ্ট্র ম্যাচে গোল করা পাতো গোল করেছেন এবারও। ২১ বছর বয়সী স্ট্রাইকার নিজের খেলায় খুশি, খুশি দলের পারফরম্যান্সেও, ‘পুরো ম্যাচের পারফরম্যান্সে আমরা খুশি। কারণ ম্যাচটি ছিল কঠিন। অনভিজ্ঞ খেলোয়াড়দের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট।’ এএফপি।