‘নতুন’ মেসিদের নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, কেউ একটু ভালো খেললেই তাঁর নাম হয়ে যেত নতুন ম্যারাডোনা। বিশেষ করে সেই ফুটবলারটি যদি হতো আর্জেন্টিনার। এ রকম গোটা ১৫ ফুটবলারের তালিকাও আছে উইকিপিডিয়ার ওয়েবসাইটে। কিন্তু সময় বদলেছে। এখন শুরু হয়ে গেছে ‘নতুন মেসি’র সন্ধান।সাম্প্রতিক সময়েই তিনজন উঠতি তারকার সঙ্গে সেঁটে গেছে নতুন মেসি তকমা।এঁদের একজন আর্জেন্টাইন—হুয়ান আইতার্ব। একজন জার্মান—মার্কো মারিন। আরেকজন চিলির—অ্যালেক্সিস সানচেজ। তিনজনই সাম্প্রতিক দলবদলের বাজারে আলোচিত।প্রথমে আলোচনায় এসেছিলেন আইতার্ব। একে তো আর্জেন্টাইন, তার ওপর খেলার ধরনে মিলের সঙ্গে মিল আছে আকৃতিতেও। এ কারণেই তাঁর নাম হয়ে গেছে ‘মিনি মেসি’। এই ‘মিনি’কে বড় আশায় নাকি সই করাতে চায় পোর্তো। প্যারাগুয়ের শীর্ষ ক্লাব সিরো পোর্টেনোর হয়ে এই মৌসুমে মাঠ মাতানো আইতার্বকে মনে ধরেছে পোর্তোর কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের, যিনি নিজেও ‘নতুন মরিনহো’ নামে পরিচিত।আইতার্ব পোর্তোতে আসছেন, এটা গত জানুয়ারিতেই শোনা গিয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়া আসলে মাত্রই শুরু হলো। এ সপ্তাহের শেষে পর্তুগালে এসে চুক্তি সই করার কথা এই ১৮ বছর বয়সীর। ঠিক কত টাকায় আইতার্বকে দলে টানছে ইউরোপা লিগের চ্যাম্পিয়নরা, সেটি জানা যায়নি।অ্যালেক্সিস সানচেজ এখনো কোথাও সই করেননি। তবে তাঁর ব্যাপারে আগ্রহী ম্যানচেস্টারের দুই দলই—ইউনাইটেড ও সিটি। উদিনেসের এই উইঙ্গারকে পেতে আগ্রহী বার্সেলোনাও। এমনও বলা হচ্ছে, ২২ বছর বয়সী সানচেজ নাকি প্রতিভায় মেসিকেও ছাপিয়ে যেতে পারেন। অন্তত চিলির জাতীয় দলের কোচ ক্লদিও বোর্গির তেমনই মত, ‘অ্যালেক্সিস মেসির চেয়ে ভালো করতে পারে। শারীরিকভাবে ওর পক্ষে আরও বেশি কিছু করে দেখানো সম্ভব। ফালতু কথা আমি বলি না। জোর দিয়েই বলছি, অ্যালেক্সিস বিশ্বের সেরা হতে পারে, মেসি এরই মধ্যে বিশ্বসেরা।’সিটির নাকের ডগা থেকে সানচেজকে দলে টানতে উদ্যোগী হয়েছে খোদ ইউনাইটেড প্রধান নির্বাহী ডেভিড গিল। ৩ কোটি পাউন্ড গুনতে হতে পারে সানচেজকে কিনতে।ভেরডার ব্রেমেনের ২২ বছর বয়সী মার্কো মারিনকে পেতে ‘লড়াই’য়ে নামছে অন্য দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও টটেনহাম। মেসির মতো তিনিও বাঁ পায়ের খেলোয়াড়। তবে মারিন নিজে নাকি ইংল্যান্ডে যেতে আগ্রহী নন। থেকে যেতে চান জার্মানিতেই। কিন্তু দলবদলের বাজারে যেহেতু মারিনের চড়া দাম ওঠার সম্ভাবনা আছে, তাঁকে বেচে দিয়ে নতুন খেলোয়াড় নিতে পারে ব্রেমেনও। ওয়েবসাইট।