'নতুন' হকি দল গড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরেই অভিজ্ঞ হকি খেলোয়াড়েরা নানা কারণে ঝরে পড়ছিলেন জাতীয় দল থেকে। সর্বশেষ চার অভিজ্ঞ সেনানিকে বহিষ্কার করেছে হকি ফেডারেশন। এই সুযোগে একঝাঁক নতুন মুখ এসে জাতীয় দলের চেহারাটাই বদলে দিয়েছে।
আগামী ১৫-২৩ মার্চ ঢাকায় হচ্ছে এশিয়ান গেমসের বাছাইপর্ব। তুলনামূলক সহজ পরীক্ষার এই মঞ্চে একদল তরুণ তুর্কির হাতেই থাকবে বাংলাদেশের পতাকা। নবীনদের ভিড়ে কয়েকজন খেলোয়াড় দলে নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন এই প্রতিযোগিতার মাধ্যমে।
গত এশিয়া কাপের পর বহিষ্কৃত হন গোলরক্ষক জাহিদ হোসেন, স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি, ডিফেন্ডার ইমরান হাসান পিন্টু ও মিডফিল্ডার কামরুজ্জামান রানা। এই চারজন ঘরোয়া হকিতে দুই বছর ও জাতীয় দলে তিন বছরের জন্য নিষিদ্ধ।
চার অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গা নেবেন নতুন চারজন। মাঝমাঠে ফিরতে পারেন অভিজ্ঞ শেখ নান্নু। সারোয়ারের সামনেও ফেরার রাস্তা খোলা। তবে বর্তমানে ক্যাম্পে থাকা ৩৩ খেলোয়াড়ের বেশির ভাগই নতুন। যাঁদের বড় একটা অংশই বিকেএসপির, বেশির ভাগই এক-দেড় বছর ধরে জাতীয় দলে আসা-যাওয়া করছেন। এঁরা দু-একটা ম্যাচ খেলে আন্তর্জাতিক প্রতিযোগিতার স্বাদ পেয়েছেন এই যা। কয়েকজন আন্তর্জাতিক হকির পৃথিবীতে এখনো পা-ই রাখেননি।
জিমি-জাহিদদের অভাব সহজে পূরণ হওয়ার নয়। একজন জিমি এক দিনে তৈরি হয় না। তবে নবীনদের ওপর আস্থা রাখছেন কোচ নাভিদ আলম, ‘বহিষ্কৃত চারজন ভালো খেলোয়াড়। তবে ওরা নেই বলে চিন্তিত নই। নতুনেরা ভালো করবে আশা করি। আমরা নতুন একটা দল তৈরি করছি।’
নাভিদের নতুন দল গড়ার মিশনে অভিজ্ঞ খেলোয়াড় বলতে মামুনুর রহমান চয়ন, শেখ নান্নু, কৃষ্ণ। অভিজ্ঞ ডিফেন্ডার বিপ্লব চোটের কারণে আপাতত ক্যাম্পের বাইরে। অসীম, মিমো, নিলয়রাও তাই এখন সিনিয়র।
এঁদের সঙ্গে শিতুল, কৌশিক, মালেক, সাব্বির, রুম্মনের মতো নবীনেরা আছেন। ক্যাম্পে চোখ কাড়ছেন আরও অনেকে। রক্ষণে আশরাফুল নামের এক তরুণ ভালোই ড্র্যাগ ফ্লিক করেন। রাইট ব্যাকে ভালো করছেন নবীন বাবু। রক্ষণে ইরফান-বেলাল নামের অখ্যাত নবীনেরা নিজেদের তৈরি করতে পারবেন, এমনটাই আশা নাভিদের। জিমির শূন্যস্থানে কৌশিক, রকি নাম দুটি আছে পাকিস্তানি কোচের নোটবুকে।
কিন্তু বহিষ্কৃত চারজন কি হারিয়ে যাবেন? উত্তরটা দেবে সময়। তবে শাস্তি কমানো বা মওকুফের কোনো আবেদন তাঁরা করেননি। জিমি ব্যস্ত নিজের ব্যবসায়। সাংবাদিকদের ফোন ধরেন না। জহিদ বললেন, ‘কোনো অন্যায় করিনি আমরা। তাই শাস্তি মওকুফের আবেদনের প্রশ্নই আসে না। হকি আর খেলা হবে কি না জানি না। এখন জীবিকার সন্ধান করছি। রানার কথাও অভিন্ন।’ তবে রানা অপেক্ষায় আছেন বিদেশে খেলার সুযোগ পাবেন, ‘দেশে খেলার পথ বন্ধ। জার্মানি বা অন্য কোনো দেশে খেলার সুযোগ পেলে হয়তো খেলতে পারি।’
অভিজ্ঞদের রেখে যাওয়া ব্যাটন হাতে নিয়ে নবীনেরা কি জাতীয় দলের জোয়াল টানতে পারবেন?