‘নর্দমার পানির মতো নোংরা’
ইংল্যান্ডের পারফরম্যান্স প্রথম ম্যাচেও ছিল হতাশাজনক। তবে রুনি-ল্যাম্পার্ডদের বাঁচিয়ে দিয়েছিলেন রবার্ট গ্রিন। এই গোলকিপারের ছেলেমানুষি ভুল নিয়েই তোলপাড় হয়েছে ব্রিটিশ মিডিয়ায়, আড়ালে পড়ে গেছে গোটা দলের বাজে পারফরম্যান্স। তবে আলজেরিয়ার বিপক্ষে ড্র করার পর রক্ষা পায়নি কেউ, গোটা দলকেই তুলাধোনা করে ছেড়েছে ‘বিখ্যাত’ ব্রিটিশ মিডিয়া।‘নো স্পার্ক, নো স্পিরিট, নো হোপ’—গার্ডিয়ান-এর শিরোনামে উঠে এসেছে যেন বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের পারফরম্যান্সের পুরো চিত্রই। ম্যাচের ভেন্যু কেপটাউনের সঙ্গে মিলিয়ে ডেইলি মিরর-এর শিরোনাম ‘কেপ ক্লাউনস!’ ট্যাবলয়েড সান-এর দৃষ্টিতে ইংল্যান্ডের পারফরম্যান্স ‘একঘেয়ে, নিরস, বিষণ্ন, অসংলগ্ন, কখনো কখনো বেপরোয়া আর সব মিলিয়ে নর্দমার পানির মতো নোংরা’। পত্রিকাটি সহানুভূতি দেখাচ্ছে না ফুটবলারদের দুয়োধ্বনি পাওয়াতেও, ‘এই পারফরম্যান্সের কোনো অজুহাত থাকতে পারে না। এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। সমর্থকদের দুয়োধ্বনিতে অবাক হওয়ার কিছু নেই।’‘পীড়াদায়ক ইংল্যান্ড দেশে ফেরার পথে’—শিরোনাম দিয়ে দ্য টাইমস লিখেছে, ‘কখনো কখনো ইংল্যান্ডের হয়ে খেলাটা জেরার্ড-ল্যাম্পার্ডদের জন্য স্বপ্নের মতো মনে হতে পারে। কিন্তু কখনো কখনো...? এদিন তো মনে হতে পারে দুঃস্বপ্ন।’ ওয়েইন রুনির পারফরম্যান্সের তদন্ত হওয়া প্রয়োজন বলেই মনে করে পত্রিকাটি। আর দ্য টেলিগ্রাফ দিয়েছে পরামর্শ, ‘জেরার্ডকে আরও সামনে রুনির ঠিক পেছনে খেলালেই দুশ্চিন্তা কেটে যাবে।’ এএফপি।