'নর্দের পাশে খেলে আমি গর্বিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডসন আসেলম
ওয়েডসন আসেলম

সনি নর্দের হাত ধরে এসেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। নর্দের মতো অতটা ভালো না হলেও কম যান না ওয়েডসন আসেলম। হাইতি জাতীয় দলে একবার ডাক পাওয়া স্ট্রাইকার নর্দের এক গুণমুগ্ধ ভক্ত। বাংলাদেশে আসা এবং নর্দের পাশে খেলার অভিজ্ঞতা বলছিলেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার
 শুক্রবার তো ফেডারেশন কাপের ফাইনাল। আক্রমণে নর্দে, আপনি আর ডার্লিংটন মিলে যেভাবে সেমিতে ধবংস করলেন আবাহনীকে, ফাইনালে মুক্তিযোদ্ধার কী হবে?
ওয়েডসন আসেলম: ভীষণ উজ্জীবিত হয়ে আছি। বিশেষ করে নর্দে যে ফর্মে আছে, তাতে তো ট্রফিটা আমাদের হাতেই দেখছি। আশা করছি, শেখ জামালকে মৌসুমের প্রথম ট্রফিটা উপহার দিতে পারব।
 আপনি এবারই প্রথম খেলতে এলেন বাংলাদেশে। নিজের পারফরম্যান্সে এখন পর্যন্ত খুশি?
ওয়েডসন: খুশি, তবে আরও ভালো করতে চাই। নর্দের মতো খেলোয়াড়ের পাশে খেলে আরও উন্নতি করা সম্ভব। সেই সুযোগটা আমি নিচ্ছি। আর সামগ্রিকভাবে বাংলাদেশে খেলতে এসে আমি উপভোগই করছি।
 নর্দে হাইতি জাতীয় দলের খেলোয়াড়। শুনেছি, আপনিও জাতীয় দলে ডাক পেয়েছেন। ম্যাচ খেলা হয়েছে?
ওয়েডসন: জাতীয় দলের হয়ে দু-একটা প্রীতি ম্যাচ খেলেছি আমি। তবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। আশায় আছি ভবিষ্যতে হবে।
 হাইতির বাইরে কোথাও খেলেছেন?
ওয়েডসন: না, শুধু হাইতির ঘরোয়া লিগেই খেলেছি। বাইরে এই প্রথম। আর এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। এখানে আবাহনী, মোহামেডানের বিপক্ষে খেলে আমার বেশি ভালো লেগেছে। কারণ ওই দুটি ম্যাচে মাঠে অনেক দর্শক ছিল। দর্শকই মাঠে ভালো খেলতে দলগুলোকে উজ্জীবিত করে।
 বাংলাদেশে আসার আগে নর্দের সঙ্গে কি আপনার পরিচয় ছিল?
ওয়েডসন: হ্যাঁ ছিল। ও তো হাইতিতে নামী খেলোয়াড়। বয়সে ওর চেয়ে আমি তিন বছরের বড় হলেও আমরা বন্ধুর মতোই। ওই একদিন বলল, বাংলাদেশে খেলব কি না। ওর প্রস্তাব পেয়ে চলে এলাম।
 নর্দের সঙ্গে খেলে আপনার কেমন লাগছে। নর্দের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ?
ওয়েডসন: নর্দের সবই ভালো। বাংলাদেশের খেলা দেশি-বিদেশি সব খেলোয়াড়ের মধ্যে ও-ই সেরা। ও বল প্লেয়ার, একাই ম্যাচ জেতাতে পারে। যেমন মেসি। আমার এটা বলতে দ্বিধা নেই, নর্দে বাংলাদেশের মাঠে এখন মেসি। দলের বাকি ১০ জনই ওকে সব সময় বল দিতে চায়। মাঠে আমি ওর সঙ্গে ওয়ান-টু খেলি। এভাবে একটা বোঝাপড়া তৈরি হয়ে গেছে। নর্দের পাশে খেলে আমি গর্বিত।
 শেখ জামালের একাদশের তিনজন স্ট্রাইকারের একজন আপনি। কার্যকর এই আক্রমণভাগের রসায়নটা কী?
ওয়েডসন: রসায়ন কিছু নয়। নর্দে একাই এক শ। গত মৌসুমে শেখ রাসেলকে তিনটি ট্রফি দিয়েছে ও, এবার শেখ জামালে আসায় আমার বিশ্বাস শেখ জামালই সব ট্রফি ঘরে তুলবে। আক্রমণে আমি আর ডার্লিংটন আসলে সহায়ক ভূমিকা রাখি। আসল কাজটা নর্দেই করে দেয়।
 ভবিষ্যতে তো মনে হয় বাংলাদেশে আরও অনেক হাইতিয়ান খেলোয়াড় আসবে...
ওয়েডসন: আমারও তাই মনে হয়। গতবার শুধু নর্দে ছিল, এবার আমি এবং শেখ রাসেলে একজন মিলে তিনজন। সামনে এখানকার ক্লাবগুলো আরও হাইতিয়ান খেলোয়াড় আনবে বলে আমার বিশ্বাস।
 আপনি আর নর্দে একই সঙ্গে থাকেন। মাঠের বাইরে সময় কীভাবে কাটে?
ওয়েডসন: মাঠের বাইরে সেভাবে কোথাও যাওয়া হয় না। এখন পর্যন্ত শুধু বসুন্ধরা সিটিতে গিয়েছি (হাসি)। ফ্ল্যাটে রান্না-টান্না নিজেরাই করি, ওসব নিয়ে ব্যস্ত থাকি। হাইতিয়ান খাবার রান্না করি, কখনো আমি কখনো নর্দে। এই তো...।