'নাইজেরিয়া ম্যাচটিই গুরুত্বপূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার হিসেবে দেশের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন৷ মনে করা হয় তাঁর প্রজন্মের সেরা ইউরোিপয়ান ফুটবলারদের একজনও৷ কোচ হিসেবেও গড়েছেন ইতিহাস৷ নিজ দেশকে প্রথমবার বিশ্বকাপে নিয়ে যাওয়া প্রথম কোচ সাফেত সুসিচ৷ বসনিয়া-হার্জেগোভিনা কোচ তাঁর বিশ্বকাপ-ভাবনা শোনালেন ওয়ার্ল্ড সকারকে

সাফেত সুসিচ
সাফেত সুসিচ

 বসনিয়া-হার্জেগোভিনার প্রথম বড় টুর্নামেন্ট এটিই৷ প্রস্তুতির পরিকল্পনা নিশ্চয়ই যেকোনো সময়ের চেয়ে কঠিন?
সাফেত সুসিচ: আমার তা মনে হয় না৷ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের অভিজ্ঞতা আছে আমার, এটি আমার জন্য তাই নতুন কিছু নয়৷ ১৫ মে (আজ) আমরা সারায়েভোর (রাজধানী) উপকণ্ঠে একত্র হব৷ প্রথম ১২ দিন আমরা ওখানেই ক্যাম্প করব৷ এরপর দেশের এই আবেগ-উত্তেজনা থেকে ছেলেদের দূরে রাখতে যুক্তরাষ্ট্রে যাব আমরা৷ ক্যাম্পের পাশাপাশি সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব৷ ৩০ মে সেন্ট লুইসে প্রতিপক্ষ আইভরি কোস্ট, ৩ জুন শিকাগোতে প্রতিপক্ষ মেক্সিকো৷ ওখান থেকেই আমরা ব্রাজিলে আমাদের বেস ক্যাম্প গুয়ারুয়ায় চলে যাব৷ বিশ্বকাপ শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলব সান্তোসের বিপক্ষে৷
 সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের বিপক্ষে ২-০-তে হার অনেক সমালোচনার জন্ম দিয়েছে৷ ভেতরের কিছু সমস্যাও প্রকাশ্য হয়েছে৷ বিশ্বকাপের আগে এসব কি আপনাদের মনোযোগ নাড়িয়ে দিচ্ছে না?
সুসিচ: ফুটবলে এ ব্যাপারটি এমন—একদিন কেউ একজন নায়ক, পরদিন তাঁকেই আবার সবকিছুর দায় দেওয়া হয়৷ তবে আমার মনে হয় না বিশ্বকাপে এসব আমাদের জন্য খুব বড় সমস্যা হবে৷ পরাজয় কখনো কখনো খারাপ নয়৷ দলের ঘাটতির জায়গাগুলো স্পষ্ট হয় এতে, সমস্যার সমাধান করার সুযোগ মেলে৷ আমার বিশ্বাস, শক্তিশালী দুটি দেশের বিপক্ষে সামনের প্রীতি ম্যাচ দুটি বাছাইপর্বের সেই চমৎকার আবহটা আবার ফিরিয়ে আনবে৷ কোনো সন্দেহ নেই, মানসিকতা বদলাতে হবে আমাদের৷ আর আমাদের মতো সীমিত শক্তি-সামর্থ্যের দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপের আগে সব ধরনের চোট থেকে মুক্ত থাকা৷
 গ্রুপ প্রতিপক্ষদের সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
সুসিচ: আমাদের গ্রুপে যে আর্জেন্টিনাই পরিষ্কার ফেবারিট, সেটা বুঝতে খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই৷ কিছুদিন আগে (গত নভেম্বরে) আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি এবং আরও একবার ওদের মানটা বুঝতে পেরেছি৷ সূচিতে আমাদের জন্য একটা ইতিবাচক দিক হলো, প্রথম ম্যাচেই আমরা ওদের মুখোমুখি হচ্ছি৷ ইতিহাস বলে, প্রথম ম্যাচে অনেক ফেবারিটই হোঁচট খেয়েছে৷ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো নাইজেরিয়ার বিপক্ষে৷ ভালো কিছু ফুটবলার নিয়ে ওদের দলটা বেশ ভালো৷ তবে সত্যি বলতে, আমার ধারণা ওদের সেই আগের মানটা আর নেই৷ ইরানের কথা বলতে গেলে স্বীকার করতেই হবে, ওদের সম্পর্কে আমরা কমই জানি৷ তবে খুব অভিজ্ঞ একজন কোচ আছেন ওদের৷ ওই ম্যাচটি জিততে হলেও আমাদের সেরাটা খেলতে হবে৷