‘নামসর্বস্ব লোক ঢুকে পড়তে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিং ফেডারেশনের নির্বাচিত কমিটিকে গত ১০ মার্চ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে ফেডারেশনে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলছেন, এটা শ্যুটিংয়ের জন্য ভালো ফল আনবে না আপনাদের কমিটি অবৈধ ঘোষিত হলো কেন? ইশতিয়াক আহমেদ: গত বছর ফেব্রুয়ারিতে হাইকোর্টে রিট করেছিলেন পটুয়াখালী রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম খান। কাউন্সিলরশিপ নিয়ে তাঁর অভিযোগ ছিল। কী অভিযোগ?ইশতিয়াক: এমনিতে কাউন্সিলরশিপের মেয়াদ ৪ বছর। বাদীর দাবি, এই সময়ের আগে নির্বাচন হলে পুরোনো কাউন্সিলররাই থাকার কথা। কিন্তু নির্বাচনের আগে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশ অনুযায়ী নতুন কাউন্সিলর চাওয়া হয়। পরিষদের সচিব চিঠি দিয়ে নতুন কাউন্সিলর নিতে বলেন ফেডারেশনকে। নিয়ম মেনেই নির্বাচন সম্পন্ন হয়েছে। তবু বাদী মামলা করেছেন। আপনি বলতে চাইছেন, নির্বাচনে ত্রুটি ছিল না?ইশতিয়াক: কোনো ত্রুটিই ছিল না। বাদী চাইলে নির্বাচনী প্রক্রিয়ার সময় আপত্তি করতে পারতেন। কিন্তু করেননি। আগের কমিটির সময় ১৫ নভেম্বর ২০০৮ তারিখে নির্বাহী সভায় আগাম নির্বাচনের সিদ্ধান্তে বাদী আপত্তি করেননি। আপত্তি না ওঠায় সর্বসম্মতিক্রমে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার সাত মাস আগে জাতীয় পরিষদকে আগাম নির্বাচন করার অনুরোধ করা হয়েছিল। বাদী তখন নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নির্বাচন কবে হয়েছিল?ইশতিয়াক: ২০০৮ সালের ডিসেম্বরে। ২০০৯ সালের জানুয়ারিতেই আমরা দায়িত্ব নিয়েছি। মেয়াদ চার বছর। আদালত কী বলেছেন রায়ে? ইশতিয়াক: মাননীয় আদালত বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ছিল অবৈধ। এর মানে, এই কমিটিরও বৈধতা নেই। জাতীয় ক্রীড়া পরিষদকে এডহক কমিটি গঠন করতে বলেছেন আদালত। এও বলা হয়েছে, এডহক কমিটিতে বর্তমান কমিটির কেউ থাকতে পারবে না। এই কমিটির কেউ এডহক কমিটিতে থাকতে না পারলে অনেক সংগঠককেই বিদায় নিতে হবে...ইশতিয়াক: ৪৯ জন কাউন্সিলরের মধ্যে আমাদের নির্বাচিত কমিটি ২৫ সদস্যের। যোগ্যতা অনুযায়ীই তাঁরা কমিটিতে এসেছেন। এখন ২৫ জনকে বাদ দিলে বাকি ২৪ জনকে নিয়ে এডহক কমিটি করতে হবে। এতে অনভিজ্ঞ এবং নামসর্বস্ব লোকের ফেডারেশনে ঢুকে পড়ার সুযোগ আসবে। এডহক কমিটি তো এখনো হয়নি। এখন ফেডারেশন চলছে কীভাবে?ইশতিয়াক: আইনি প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। রায়ের কপি পেলে আমরা আপিল করব। তবে হাইকোর্টের রায়ের পর আমরা ফেডারেশনের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছি। ফেডারেশনের বেতনভুক্ত কর্মীরাই দৈনন্দিন কাজ চালাচ্ছেন। শ্যুটিংয়ে সম্প্রতি কিছু সাফল্য এসেছে। এর ধারাবাহিকতায় ছেদ পড়বে মনে করেন? ইশতিয়াক: ছেদ তো পড়বেই। এরই মধ্যে কাজকর্ম ব্যাহত হচ্ছে। ক্যাম্প খরচের জন্য ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। আর কদিন পরই দল কলকাতা যাবে ইন্দো-বাংলা গেমসে খেলতে। সেই প্রস্তুতিতে সমস্যা দেখা দিয়েছে। বারবার কমিটি বদল শ্যুটিংয়ের জন্য ফলপ্রসূ হবে?ইশতিয়াক: বারবার কমিটি বদলানো শ্যুটিংয়ের অগ্রযাত্রার জন্য সহায়ক নয় বলেই আমার ব্যক্তিগত অভিমত। শ্যুটিংয়ে এতে দলাদলি কেন?ইশতিয়াক: আগে দলাদলি ছিল না। এবারই প্রথম মামলা হয়েছে আদালতে। আমরা নির্বাচিত কমিটি দুটি সাধারণ সভা করেছি, কিন্তু নির্বাচন নিয়ে কেউ আপত্তি তোলেননি। আমার ধারণা, কেউ কেউ রাজনৈতিক পট পরিবর্তনের ফায়দা নিতে চায়। রায়ের পর আপনাদের কমিটির প্রতিক্রিয়া কী? ইশতিয়াক: প্রতিক্রিয়া জানানোর সুযোগ নেই। কারণ এটা আদালতের বিষয়। এ ব্যাপারে আমি মন্তব্য করব না।