‘নায়ক নয়, সুয়ারেজ প্রতারক’
লুইস সুয়ারেজের সেই হ্যান্ডবলের কথা মনে আছে? আপনি ভুলে যেতে পারেন, কিন্তু তা হয়তো কোনো দিনই ভুলতে পারবেন না মিলোভান রাজেভাচ। সেই হ্যান্ডবলের কারণেই যে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে ঘানার! উরুগুয়ের দৃষ্টিতে সুয়ারেজ নায়ক, কিন্তু ঘানার দৃষ্টিতে? নায়ক নয়, সুয়ারেজ একজন প্রতারক। বলছেন কোচ রাজেভাচ। অনেকেই সেটিকে ‘হ্যান্ড অব গড’ হিসেবে আখ্যায়িত করলেও রাজেভাচ বলছেন, এটা ছিল হ্যান্ড অব ডেভিল!নির্ধারিত সময়ে ১-১। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ঘানার আক্রমণের চাপে একেবারে কোণঠাসা উরুগুয়ে। নিশ্চিত একটা গোল পেয়ে যাচ্ছিল ঘানা, গোললাইনে দাঁড়িয়ে হাত দিয়ে বল ঠেকালেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। পেনাল্টি তো বটেই, সঙ্গে লাল কার্ড! তবে এই লালকার্ডই শাপে বর হয়ে দাঁড়ায় উরুগুয়ের। পেনাল্টি থেকে গোল করতে পারেননি ঘানার আসামোয়া গায়ান। শেষ পর্যন্ত টাইব্রেকারের ঘানাকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় উরুগুয়ে!হাত দিয়ে সুয়ারেজ বল না ঠেকালে সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারত। তাই উরুগুয়ের নায়ক বলা হচ্ছে সুয়ারেজকে। কিন্তু সুয়ারেজের এ ঘটনা এখনো দগ্ধ করছে ঘানার কোচকে। ক্ষুব্ধ রাজেভাচ রয়টার্সকে বলছেন, ‘সুয়ারেজ নায়ক নয়, সে একজন প্রতারক। কিসের হ্যান্ড অব গড? এটা ছিল হ্যান্ড অব ডেভিল।’ ক্ষোভের পর নিজেদের বেদনার কথাও প্রকাশ করেছেন রাজেভাচ, ‘আমরা ফাইনালে উঠতে পারতাম! বিশ্ববাসীকে অবাক করে আফ্রিকার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতাম! কিন্তু আমরা জিততে পারিনি। এটা আমাদের কাছে অনেক বেশি কষ্টের।’