‘নায়ক’ গায়েটজেন্সের এমন পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই একটি মাত্র মুহূর্ত, ওয়াল্টার বারের বিশগজি কিকটাতে মাথা ছুঁইয়ে বল পাঠিয়েছিলেন জালে। জো গায়েটজেন্স পরে স্বীকার করেছেন, ভাগ্যক্রমে বলটি মাথায় লেগেছিল। সেই এক মুহূর্তের ভাগ্যের ছোঁয়াই ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে গায়েটজেন্সকে। ৪০ বছরের ছোট্ট জীবনে বলার মতো তেমন আর কিছু করেননি। যুক্তরাষ্ট্রের হয়ে ম্যাচও খেলেছেন মাত্র ৩টি, এতেই জায়গা পেয়েছেন দেশটির ‘হল অব ফেমে’। অথচ সময়টা এখন হলে তাঁর যুক্তরাষ্ট্র দলে খেলাই হতো না, তিনি যে যুক্তরাষ্ট্রের নাগরিকই ছিলেন না!জন্ম হাইতিতে। নিউইয়র্ক গিয়েছিলেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং পড়তে। পড়ার পাশাপাশি ফুটবল খেলতে শুরু করেন ব্রুকহটন ক্লাবের হয়ে। আমেরিকান সকার লিগে গোলের বন্যা বইয়ে দিয়ে সুযোগ পান ১৯৫০ বিশ্বকাপের যুক্তরাষ্ট্র দলে। বিশ্বকাপে ওই একটিই গোল করেছিলেন। আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বটা পাবেন, তবে শেষ পর্যন্ত আর পাওয়া হয়নি। পরে ক্লাব ফুটবল খেলেছেন ফ্রান্সে, হাইতির জাতীয় দলের হয়েও খেলেছেন একটি ম্যাচ। মাত্র চল্লিশেই তাঁর প্রাণ কেড়ে নেয় নিষ্ঠুর রাজনীতি। হাইতির রাজনীতিবিদ লুইস দেজাঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তাঁর। বিরোধী পক্ষ ক্ষমতায় আসার পর তাঁর পরিবারের সবাই পালিয়ে যান, কিন্তু তারকা খেলোয়াড়কে কিছু করা হবে না ভেবে থেকে যান গায়েটজেন্স। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁকে ধরে নিয়ে যান সরকারি গোয়েন্দারা। লাশটিও খুঁজে পাওয়া যায়নি আর কখনো।