পাকিস্তান সফর নিয়ে বিসিবি-পিসিবির চলমান বিতর্কের দায় চেপেছে তাঁর ওপর। বলা হচ্ছে সাবেক বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল নিঃশর্ত লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই পাকিস্তান সফর নিয়ে এত চাপ। কিন্তু কাল মুস্তফা কামাল দাবি করলেন, পাকিস্তান সফরের উদ্যোগ তিনি নিলেও এ ব্যাপারে নিঃশর্ত প্রতিশ্রুতি কখনোই দেননি।আইসিসির সহসভাপতি হওয়ার পর নিজেকে একটু আড়ালে রাখা মুস্তফা কামাল কাল বিকেলে হঠাৎই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির বিসিএলের খেলা দেখতে। পাকিস্তান সফর এবং বিসিবির গঠনতন্ত্র বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন সেখানেই।৬ জানুয়ারি দিল্লিতে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। দিল্লি থেকেই এসিসির সভায় যোগ দিতে তিনি গেছেন সিঙ্গাপুরে। সভার ব্যাপারে তাই এখনো সরাসরি সভাপতির বক্তব্য জানা যায়নি। কাল মুস্তফা কামালও চাইলেন বিষয়টা এড়িয়ে যেতে। তবে বিসিবি সভাপতি থাকাকালে পাকিস্তান সফরের উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের পাকিস্তান সফর অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি এ ব্যাপারে কমিটেড এবং আমি তা কখনোই প্রত্যাহার করে নিইনি। তবে এখন এ ব্যাপারে বিসিবিই সিদ্ধান্ত নেবে। আমার কথাই যে যথাযথভাবে পালন করতে হবে, এমন কোনো কথা নেই। সার্বিকভাবে যেটা ভালো হয়, বিসিবি সেটাই করবে বলে আশা রাখি।’বিসিবির বর্তমান সভাপতি দিন কয়েক আগে বলেছেন, আইসিসি ম্যাচ কর্মকর্তা দিক বা না দিক, বাংলাদেশ পাকিস্তান সফরের ব্যাপারে নিঃশর্ত প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আইসিসির সভার কার্যবিবরণীতেও সেটা আছে। কিন্তু মুস্তফা কামাল এই দায় নিতে রাজি নন, ‘কোথায় পেলেন এটা? আমি এটা অস্বীকার করি। আইসিসিতে এসব নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রতিবারই বলা হয়েছে বাংলাদেশ দল যদি যায়, তাহলে সেখানে আইসিসিও সম্পৃক্ত হবে। আইসিসি নিরাপত্তা খতিয়ে দেখে ম্যাচ কর্মকর্তা পাঠাবে। আমি, বাংলাদেশ বা বিসিবি, কোথাও আমরা এমন কোনো মন্তব্য করিনি যে আইসিসিকে পাশ কাটিয়ে আমরা যাব।’ আইসিসির সহসভাপতি হওয়ার সম্ভাবনাটাকে ঝুঁকিমুক্ত রাখতেই পাকিস্তান সফরের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন, অস্বীকার করেছেন এমন অভিযোগও, ‘আইসিসিতে সহসভাপতি বা সভাপতি হতে হলে পূর্ণ সদস্য ১০টা দেশের সাতটার ভোট পেতে হয়। পাকিস্তানের এক ভোট দিয়ে আপনি কীভাবে সহসভাপতি বা সভাপতি হবেন? এটা হতে পারে না। আর আমার তো ভোটাভুটি লাগেনি। আমি ঐকমত্যের ভিত্তিতে সহসভাপতি হয়েছি।’ আইসিসির শীর্ষ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অনেক জায়গায় নিজে ছোট হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করেননি বলে দাবি মুস্তফা কামালের।বিসিবির গঠনতন্ত্র নিয়ে বিতর্কের শুরু তিনি বোর্ড সভাপতি থাকার সময় থেকেই। সাবেক ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগ বাড়ায় সন্তোষ প্রকাশ করলেও সাবেক সভাপতি বললেন, ‘বিদ্যমান যে গঠনতন্ত্র, সেটি অনেক ভ্রান্তিতে ভরা। অনেক ত্রুটি-বিচ্যুতি আছে। এই গঠনতন্ত্র রেখে আপনি কখনো পেশাদারভাবে ক্রিকেট বোর্ড চালাতে পারবেন না।’ জেলা পর্যায় থেকে বিসিবির কাউন্সিলর হওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে মুস্তফা কামালের মন্তব্য, ‘জেলায় যাঁরা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, তাঁদেরই আসা উচিত। কেউ যদি কাবাডির সঙ্গে সম্পৃক্ত থেকে ক্রিকেটে চলে আসেন, তাহলে ফল ভালো হবে না।’