‘নিঃসঙ্গ’ জুলকারনাইনের পাশে আইসিসি
আমরা তাঁর সঙ্গে নেই—ঘটনা ঘটার পরদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে এ কথা। কাল বোর্ডের সঙ্গে জুলকারনাইনের চুক্তিটা সাময়িকভাবে স্থগিতও করা হয়েছে, শুরু হয়েছে অন্তর্ধান-রহস্য উদ্ঘাটনের তদন্ত। বলতে পারেন, রহস্য উদ্ঘাটনের আর কী আছে! জুলকারনাইন তো সব খুলেই বলেছেন। সমস্যা এখানেই। ম্যাচ পাতাতে জনৈক ব্যক্তির হুমকির কারণে পালিয়ে গেছেন, ওই ভয়ে আন্তর্জাতিক ক্রিকেটই ছেড়ে দিলেন, এখন রাজনৈতিক আশ্রয় চান যুক্তরাজ্যে—এই উইকেটরক্ষকের এ ধরনের মন্তব্য মোটেও বিশ্বাস করেনি পিসিবি। পেছনের ঘটনা জানার জন্যই শুরু হয়েছে এই তদন্ত।জুলকারনাইন পাশে পাচ্ছেন না পাকিস্তান সরকারকেও। দেশটির ক্রীড়ামন্ত্রী ইজাজ হোসেন জাকরানি বলে দিয়েছেন, ‘যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে সরকার ওকে কোনো সাহায্য করবে না। সে যদি জীবনের হুমকি পেয়েই থাকে, তাহলে আমাদের জানাত। টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের ওপর কোনো আস্থাই তার ছিল না। সে যদি এত দুর্বল আর ভীতই হয়ে থাকে তাহলে জাতীয় দলে খেলার যোগ্যই নয়!’এই ‘নিঃসঙ্গ’ সময়ে আইসিসিকে ঠিকই পাশে পাচ্ছেন জুলকারনাইন। আসলেই যদি ম্যাচ পাতানোর প্রস্তাব ফিরেয়ে দিয়ে নিজের জীবন বিপন্ন করে থাকেন, তাঁর সাহায্যে আইসিসি সবকিছুই করবে। এই আশ্বাস দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী খোদ হারুন লরগাত। এদিকে একের পর এক ঘটনায় মনে হচ্ছে বিরক্ত অ্যান্ডি ফ্লাওয়ারও। ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ বলেছেন, বিষয়টি এখানেই কবর দেওয়ার ব্যবস্থা করা উচিত। সম্ভবত সেদিকেই এগোচ্ছে লন্ডন পুলিশ। স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ত্রয়ী সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা করার মতো যথেষ্ট প্রমাণ তাদের হাতে এসে গেছে বলেই ধারণা করা হচ্ছে।সব মিলে পাকিস্তান ক্রিকেটেই এখন ভজকট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডেতে মোহাম্মদ ইউসুফকে কেন্দ্র করে ঘটেছে আরেক ঘটনা। মার্কার কলম দিয়ে নিজের নাম লিখে মাঠে নেমেছিলেন ইউসুফ, কারণ তাঁর জন্য ওয়ানডের জার্সিই ছিল না! মার্কার দিয়ে নাম লেখাটি আবার আইসিসির নিয়মবিরুদ্ধ। অবশ্য বিষয়টি পরিস্থিতি বিবেচনায় ক্ষমার চোখেই দেখছে আইসিসি। এএফপি, ওয়েবসাইট।