‘নিখোঁজ’ আফতাবের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্ডিশনিং ক্যাম্পের উদ্দেশ্যটা এ রকম—যেসব ক্রিকেটার অনেক দিন ধরে খেলার বাইরে আছেন, তাঁদের অনুশীলনে রাখতে হবে। মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান থেকে শুরু করে মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেনরাও তাই চলে এলেন ২১ জনের কন্ডিশনিং ক্যাম্পে। নেই শুধু আফতাব আহমেদ!আফতাবের বাদ পড়ার কারণটা বেশ কৌতূহলোদ্দীপক। জাতীয় দলের এই ক্রিকেটারের সঙ্গে নাকি নির্বাচকদের কোনো যোগাযোগই ছিল না! নির্বাচকেরা জানতেন না আফতাব কোথায় আছেন, কী করছেন। আফতাবও জানতে পারেননি তাঁকে নিয়ে নির্বাচকদের ভাবনা। ‘নিখোঁজ’ আফতাবকে বাদ দিয়েই তাই গত পরশু থেকে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পের তালিকা করা হলো।নির্বাচক কমিটির সদস্য আকরাম খান তালিকা থেকে আফতাবের বাদ পড়ার কারণ হিসেবে সামনে এনেছেন অলক কাপালিকে নিয়ে পূর্ব অভিজ্ঞতা। এর আগে ‘এ’ দলে একাধিকবার ডাক পেয়েও কখনো অসুস্থতা, কখনো পারিবারিক ব্যস্ততায় দলে যোগ দিতে পারেননি অলক। সেসব সমস্যা কাটিয়ে অলক অবশেষে বোর্ডকে চিঠি দিয়ে জানিয়েছেন, অনুশীলন আর খেলার জন্য তাঁকে বিবেচনায় রাখা যেতে পারে। কিন্তু আফতাব এমন কিছু জানাননি বোর্ডকে। ‘মাঝে বেশ কয়েকবার আফতাবের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এসএমএস করা হয়েছে। কিন্তু ওর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিজ থেকে যোগাযোগ করেও আফতাব আমাদের জানায়নি, ও খেলার জন্য তৈরি আছে’—বলেছেন আকরাম খান।কাল টেলিফোনে যোগাযোগ করা হলে বিষয়টা ঘুরিয়ে-ফিরিয়ে স্বীকার করলেন আফতাবও, ‘কন্ডিশনিং ক্যাম্পে আমাকে কেন রাখা হলো না, আমি জানি না। হয়তো নির্বাচকেরা আমাকে খুঁজে পাননি।’ কাল অবশ্য বিসিবি সূত্রে জানা গেছে, অবশেষে আফতাবকে ‘খুঁজে’ পেয়েছেন নির্বাচকেরা। দেরিতে হলেও তাঁকে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে বলা হতে পারে।কন্ডিশনিং ক্যাম্পে শুরু থেকে না থাকলেও বসে ছিলেন না আফতাব। চট্টগ্রাম লিগে চ্যাম্পিয়ন ব্রাদার্সের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ, পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে জিতিয়েছেন, প্রথম দুই ম্যাচেই ছিলেন অপরাজিত। এই লিগে অবশ্য একটা কলঙ্কের দাগও গায়ে লেপেছেন আফতাব। মাঠে অখেলোয়াড়োচিত আচরণের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে তাঁকে।লিগ খেলার বাইরে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনটাও নিয়মিত চালিয়ে গেছেন বলে জানিয়েছেন আফতাব, ‘নিজে নিজেই অনুশীলন করেছি। এখন তো জানি, আমার কোথায় কী সমস্যা। সেসব নিয়েই কাজ করছি।’ আর ফিটনেস? দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে না থাকলে তো বাংলাদেশের ক্রিকেটারদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে ওটাই! আফতাব অবশ্য অভয় দিলেন, ‘আমি ফিটই আছি। মাঝেমধ্যে একটু মোটা হয়ে যাই। তবে আমার পেট তো পাম্প দেওয়া পেট। বাড়লে আবার কমেও যায়। হা হা হা!’