‘নিখোঁজ’ জুলকারনাইন ব্রিটেনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতার আশঙ্কায় দুবাই থেকে পালিয়ে ব্রিটেনে চলে গেছেন পাকিস্তানের ‘নিখোঁজ’ উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার। পাকিস্তানের জিও টেলিভিশনের এক সংবাদদাতার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ খবর নিশ্চিত করেছেন জুলকারনাইন নিজেই। গোপনে হোটেল ছাড়ার সময়ও এই সংবাদদাতাকে ক্ষুদে বার্তার মাধ্যমে পরিবারের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যে চলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন জুলকারনাইন। আজ সোমবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁকে।রয়টার্স জানিয়েছে, কয়েক দিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন জুলকারনাইন। সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন পাকিস্তানের এই উইকেটরক্ষক। তিনি লিখেছিলেন, ‘চতুর্থ ম্যাচে পাকিস্তানের জয়ে অবদান রাখার পর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ শেষ এক দিনের ম্যাচে তাঁর খেলার কথা থাকলেও সকাল থেকেই হোটেলে নেই তিনি। জুলকারনাইন নিখোঁজ হওয়ায় উমর আকমল পাকিস্তানের হয়ে উইকেট কিপিং করছেন।জুলকারনাইনের ভাই রাজা হায়দার হুমকির বিষয়টি নিশ্চিত করে লাহোরে রয়টার্সকে বলেন, ‘চতুর্থ ম্যাচের পরই জুলকারনাইনের সঙ্গে আমার কথা হয়। পাকিস্তানের হয়ে ম্যাচজয়ী পারফরম্যান্স করার জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে সে আমাকে জানায়। কিন্তু বিস্তারিত বলেনি আমাকে।’পাকিস্তানের জিও টেলিভিশনের একজন সংবাদাতা ক্রিকইনফোকে বলেন, ‘সোমবার খুব সকালে আমার মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা আসে। যেখানে জুলকারনাইন তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে যুক্তরাজ্যে চলে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।’ জিও টেলিভিশন জুলকারনাইনের পাঠানো ক্ষুদে বার্তার বিষয়টি নিশ্চিত করে তাঁর পরিবারের নিরাপত্তা বাড়াতে সংবাদ পরিবেশন করে।উইকেটরক্ষকের নিখোঁজ হওয়া প্রশ্নে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার বলেন, ‘তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত না জেনে এখনই কিছু বলা যাচ্ছে না।’ জুলকারনাইন যুক্তরাজ্যে চলে যেতে পারেন কি না প্রশ্নে সারওয়ার বলেন, ‘সাধারণত ক্রিকেটারদের পাসপোর্ট দলের ব্যবস্থাপনা কর্মকর্তাদের কাছে থাকে। কিন্তু প্রয়োজনের কথা বলে গতকাল রাতে জুলকারনাইন তাঁর পাসপোর্ট নিয়ে নেন। পাসপোর্ট বিভিন্ন কাজে লাগে বলে প্রয়োজনে অনেকেই তাঁদের পাসপোর্ট নেন।’